Advertisement
Us Bangla Airlines
বিপিএলে নোয়াখালীর প্রথম সিদ্ধান্তেই বড় চমক!

বিপিএলে নোয়াখালীর প্রথম সিদ্ধান্তেই বড় চমক!

খেলা ডেস্ক

২৬ নভেম্বর ২০২৫, ২২:২৯

তিন দফা পেছানোর পর অবশেষে আগামী ৩০ নভেম্বর বসছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম। ৫ দল থেকে শুরু হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে যুক্ত হয়েছে নতুন দল নোয়াখালী এক্সপ্রেস। আর ফ্র্যাঞ্চাইজি পেয়েই তারা দেখিয়ে দিল প্রথম বড় চমক।

দেশ ট্রাভেলসের মালিকানায় প্রথমবার বিপিএলে নাম লিখিয়েছে নোয়াখালী জেলা। মালিকানা পাওয়ার পরপরই শক্তিশালী দল গড়ার কাজে ঝাঁপিয়ে পড়েছে তারা। আর সেখানেই এসেছে সবচেয়ে আলোচিত খবর। প্রধান কোচ হিসেবে খালেদ মাহমুদ সুজনকে নিয়োগ দিতে যাচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। ফ্র্যাঞ্চাইজির একটি বিশ্বস্ত সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

বিপিএলে সাকিবের খেলা নিয়ে যা বললেন সুজন

এর আগেই নোয়াখালীর পক্ষ থেকে যোগাযোগ করা হলে ইতিবাচক সাড়া দিয়েছিলেন সুজন। এখন অপেক্ষা শুধু আনুষ্ঠানিকতার। জানা গেছে, শুক্রবার সুজন বিদেশ থেকে দেশে ফিরলেই চূড়ান্ত হবে চুক্তি। কোচিং স্টাফে আরও একটি পরিচিত মুখ যোগ দিতে পারেন, তালহা জুবায়ের। বিষয়টি এখনও আলোচনার পর্যায়ে থাকলেও নোয়াখালীর পরিকল্পনায় রয়েছেন তিনি।

শুধু কোচ নয়, দলে বিদেশি ক্রিকেটার নিতেও এগিয়ে আছে নতুন ফ্র্যাঞ্চাইজি। জনসন চার্লসকে দলে ভেড়ানোর আলোচনা চলছে জোরেশোরেই। এছাড়া অস্ট্রেলিয়ার টিম ডেভিড, নিউজিল্যান্ডের জিমি নিশামকেও দলে ভেড়াতে আলোচনা করছে ফ্র্যাঞ্চাইজিটি।

এদিকে বিপিএলের ১২তম আসর মাঠে গড়াচ্ছে ১৯ ডিসেম্বর, ফাইনাল ১৬ জানুয়ারি। দল মালিকানাতেও এসেছে পরিবর্তন—রংপুর রাইডার্স এখন টগি স্পোর্টসের, চট্টগ্রাম রয়্যালস গেছে ট্রায়াঙ্গাল সার্ভিসের হাতে। নাবিল গ্রুপ পেয়েছে রাজশাহী, ক্রিকেট উইথ সামি সিলেট। ঢাকার মালিকানা গেছে চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান)-এর কাছে।

এমআই