Advertisement
Us Bangla Airlines
সর্বোচ্চ জয়ের রেকর্ড গড়ে বছর শেষ করল বাংলাদেশ

সর্বোচ্চ জয়ের রেকর্ড গড়ে বছর শেষ করল বাংলাদেশ

খেলা ডেস্ক

০২ ডিসেম্বর ২০২৫, ২০:৩৫

টি-টোয়েন্টি ক্রিকেটে কখনোই ধারাবাহিক দল হিসেবে পরিচিত ছিল না বাংলাদেশ। কিন্তু ২০২৫ সাল এসে সেই ইতিহাসটাই বদলে দিল লিটন দাসের দল। এক পঞ্জিকাবর্ষে নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ জয়ের রেকর্ড গড়ে বছর শেষ করেছে টাইগাররা। যা বাংলাদেশের ক্রিকেট উন্নতির স্পষ্ট দলিল।

বছরের শুরুটা যেমন ছিল, শেষটাও তেমনই উজ্জ্বল। যদিও এশিয়া কাপের ফাইনালে পৌঁছাতে না পারার কষ্ট এখনো রয়ে গেছে সমর্থকদের মনে, তবু পুরো বছরের পারফরম্যান্সে ছিল ধারাবাহিকতা ও জয়ের ক্ষুধা। তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়—সবাই মিলে জমজমাট একটা বছর উপহার দিয়েছেন।

২০০৭ সালে টি-টোয়েন্টি যাত্রা শুরু করার পর এত সফল কোনো বছর আর দেখা যায়নি। ২০২৫ সালে টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ খেলেছে ৩০ ম্যাচ, যার মধ্যে ১৫টি জয়। এটাই এখন পর্যন্ত এক বছরে টাইগারদের সর্বোচ্চ। বিপরীতে হার আছে ১৪ ম্যাচে, বৃষ্টিতে একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত।

এর আগে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ জয়ের রেকর্ডটা ছিল ২০২৪ সালে। গত বছর ২৪ ম্যাচে ১২ জয়ের দেখা পেয়েছিল টাইগাররা। তার আগে ২০২১ সালে ২৭ ম্যাচে ১১ জয় ছিল তৃতীয় সর্বোচ্চ অর্জন।

অধিনায়ক লিটন দাসও লিখেছেন নতুন অধ্যায়। প্রথম বাংলাদেশি হিসেবে এক বছরে টি-টোয়েন্টিতে ৫টি সিরিজ জয়ের কৃতিত্ব অর্জন করেছেন তিনি। উইকেটকিপিং, নেতৃত্ব, ব্যাটিং—সব মিলিয়ে ২০২৫ তার ক্যারিয়ারের অন্যতম উজ্জ্বল সময়।

ছক্কার তালিকায়ও ছিল বাংলাদেশের রোমাঞ্চ। বছরের শুরুতেই শীর্ষে উঠা তানজিদ আজ আরও তিনটি ছক্কা যোগ করে বছর শেষ করেছেন ৪১ ছক্কা নিয়ে। পেছনে রয়েছেন পারভেজ হোসেন ইমন ৩৪ ছক্কায়। সর্বোচ্চ জয়ের বছর শেষ হলো, টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যালেঞ্জ দিয়ে শুরু হবে নতুন বছর।

এমআই