Advertisement
Us Bangla Airlines
এলপিএলে খেলবেন না শ্রীলঙ্কান অধিনায়ক

এলপিএলে খেলবেন না শ্রীলঙ্কান অধিনায়ক

খেলা ডেস্ক

২২ জুলাই ২০২৬, ১৭:২০

চলমান লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) থেকে ছিটকে গেছেন শ্রীলঙ্কার সাদা বলের অধিনায়ক কুশল মেন্ডিস। হ্যামস্ট্রিং চোটের কারণে তাকে পুনর্বাসন প্রক্রিয়ায় যেতে হচ্ছে। এতে বড় ধাক্কা খেল তার দল কলম্বো ক্যাপস। পাশাপাশি ভারতের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের আগে তাকে নিয়ে দুশ্চিন্তায় পড়েছে শ্রীলঙ্কাও।

রোববার ক্যান্ডি রয়্যালসের বিপক্ষে কলম্বো ক্যাপসের ছয় উইকেটের জয়ের ম্যাচে রান নেওয়ার সময় ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান মেন্ডিস। পরে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার এলপিএল থেকে ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে।

এসএলসির বিবৃতিতে বলা হয়, ১৯ জুলাই কলম্বোর এসএসসি মাঠে অনুষ্ঠিত ম্যাচে ডান হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন মেন্ডিস। এরপর থেকেই জাতীয় হাই পারফরম্যান্স সেন্টারে তার পুনর্বাসন কার্যক্রম শুরু হবে।

তবে এই চোটের কারণে কতদিন মাঠের বাইরে থাকতে হবে, সে বিষয়ে এখনো কিছু জানায়নি এসএলসি। ফলে ১৫ আগস্ট থেকে ভারতের বিপক্ষে শুরু হতে যাওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজে তার অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। ওই সিরিজে উইকেটরক্ষক ব্যাটার হিসেবে মেন্ডিসের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা ছিল।

চোট পাওয়ার আগে দুর্দান্ত ফর্মে ছিলেন মেন্ডিস। এলপিএলের প্রথম ম্যাচে গল গ্যালান্টসের বিপক্ষে ৫৩ বলে ৭৯ রান করেছিলেন তিনি। এর আগে পাকিস্তান সুপার লিগের সর্বশেষ আসরে ১১ ইনিংসে ৫৫০ রান করেন ১৬৮.১৯ স্ট্রাইক রেটে। জাতীয় দলের জার্সিতেও ধারাবাহিক পারফর্ম করেছেন এই ডানহাতি ব্যাটার।

এমআই