২০ বলে ফিফটি করে রেকর্ড ছুঁলেন হৃদয়
খেলা ডেস্ক
০৫ আগস্ট ২০২৬, ১৮:০৪
মাত্র ১০ বলে ১৮ রান। হাতে বাকি দুই ওভার। সেখান থেকে ঝড় তুলে ফিফটি করা সহজ নয়, তবে তাওহীদ হৃদয়ের অভিধানে যেন অসম্ভব বলে কিছু নেই। ছক্কার বৃষ্টি আর দুর্দান্ত টাইমিংয়ে মাত্র ২০ বলে তুলে নিলেন অর্ধশতক। তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ে এলপিএলের ইতিহাসে নিজেদের সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড গড়ল জাফনা কিংস।
ফাইনালের টিকিট নিশ্চিত করার লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করেছিল জাফনা। আভিষ্কা ফার্নান্দো দ্রুত ফিরে গেলেও মিশরা ও খাজা নাফে আক্রমণাত্মক ব্যাটিংয়ে দলকে এগিয়ে নেন। নাফে বিদায় নেওয়ার পর ডেথ ওভারে ক্রিজে আসেন হৃদয়। শেষ চার ওভারে কীভাবে ম্যাচের গতি বদলাতে হয়, সেটাই যেন দেখিয়ে দিলেন বাংলাদেশি ব্যাটার।
১৭তম ওভারে থারিন্দুকে স্লগ সুইপ করে ছক্কার খাতা খোলেন হৃদয়। এরপর শুরু হয় আসল ঝড়। ইহসান মালিঙ্গার ওভারে টানা দুই বলে দুই ছক্কা হাঁকান তিনি। ইয়র্কার লেন্থের বলকে যেভাবে গ্যালারিতে পাঠিয়েছেন, তাতে ধারাভাষ্যকারদের কাছ থেকেও প্রশংসা পেয়েছেন টাইগার ব্যাটার। এই পেসারকে ১০১ মিটার ছক্কাও মেরেছেন তিনি।
তবে শেষ ওভারেই ছিল হৃদয়ের চমক। শানাকার প্রথম বলেই বিশাল ছক্কা হাঁকিয়ে শুরু করেন। চতুর্থ বলে আবারও ছক্কা। ফিফটি থেকে তখন মাত্র চার রান দূরে ছিলেন তিনি। পঞ্চম বলে বাউন্ডারি মেরে ২০ বলে পূর্ণ করেন অর্ধশতক। শেষ বলেও চার মেরে ইনিংস শেষ করেন অপরাজিত ৫৪ রানে।
হৃদয়ের এই বিধ্বংসী ইনিংসে নির্ধারিত ২০ ওভারে বড় সংগ্রহ পায় জাফনা কিংস। ২১ বলে ৫৪ রানের অপরাজিত ইনিংসে ছিল পাঁচটি ছক্কা ও তিনটি চার।
এলপিএলে দ্রুততম ফিফটির রেকর্ড অবশ্য এখনো আন্দ্রে রাসেলের দখলে। ২০২০ মৌসুমে ১৪ বলে অর্ধশতক করেছিলেন ক্যারিবীয় এই তারকা। তবে চলতি আসরে দ্রুততম ফিফটির মালিক এখন তাওহীদ হৃদয়। শুধু তাই নয়, মিডলঅর্ডারে ব্যাট করেও আসরের সর্বোচ্চ স্ট্রাইক রেটের মালিক বাংলাদেশের এই ব্যাটার।
এমআই