Advertisement
Us Bangla Airlines
রাকিবুলের ঘূর্ণিতেই ঘুরে ম্যাচের মোড়

রাকিবুলের ঘূর্ণিতেই ঘুরে ম্যাচের মোড়

খেলা ডেস্ক

২৭ আগস্ট ২০২৬, ২১:২০

মুখে হাসি, বুকে বল, তেজে ভরা মন। বাঁহাতি স্পিনার রাকিবুল যেন কুসুমকুমারী দাসের আদর্শ ছেলে। হাসিমুখে প্রতিপক্ষকে ভড়কে দিতে জানেন। জয় পাওয়ার তাড়না-তেজ তার প্রথাগত। টপ এন্ড টি-টোয়েন্টিতে সেই তেজ দিয়ে নিউজল্যান্ড ‘এ’ দলকে হারিয়ে দিয়েছেন।

১৮২ রানের লক্ষ্যকে কম বলা যায় না। ব্যাট হাতে রাকিবুল নামার সুযোগ পাননি। ফলে বল হাতে তার কাজটা করে দেখানোর পালা। অধিনায়ক শুক্কুর আদর্শ ছেলে রাকিবুলকে বোলিংয়ে আনলেন নবম ওভারে। ব্যক্তিগত প্রথম ওভারেই দারুণ চালাকিতে নিয়েছেন প্রথম উইকেট।

এরপর শুরু হয়েছে রাকিবুলের রান আটকানোর মহড়া। ১২ ওভারে ১১৪ রান করা নিউজিল্যান্ড ২০ ওভার শেষে করেছে কেবল ১৫৮। এর পেছনে বড় কৃতিত্ব রাকিবুলের। ১৩তম ওভারে ২ রান খরচায় ২ উইকেট নিয়ে ম্যাচের পুরো মোমেন্টাম পাল্টে দেন এই বাঁহাতি স্পিনার।

ব্যক্তিগত কোটার শেষ ওভারেও ছিলেন মিতব্যয়ী। তবে পুরো চার ওভারে রাকিবুল ছিলেন দেখার মতো। পায়ের ব্যবহার করা ব্যাটসম্যানকে ওয়াইড লাইনে বল করে স্টাম্পিং করেছেন। ফুটওয়ার্ক না থাকা ব্যাটারকে আর্ম বলে বোল্ড। অন্য উইকেট এসেছে টপ স্পিন থেকে।

বল হাতে রাকিবুলের সামর্থ্য নিয়ে প্রশ্ন নেই। কিন্তু জাতীয় দলে জায়গা পেতে চাই ধারাবাহিক পারফরম্যান্স। কেবল স্পিনার হয়েও টিকে থাকা দায়। রাকিবুলকে ব্যাট হাতেও ঝলক দেখাতে হবে। রান করার দক্ষতা তার আছে। সেখানেও প্রয়োজন ওই ধারাবাহিকতা।

এমআই