অপেক্ষার প্রহর পেরিয়ে রুবেলের প্রথম ফাইফার
খেলা ডেস্ক
২৮ আগস্ট ২০২৬, ১৫:৩৪
কয়েক দিন আগেও পাসপোর্ট ছিল না মোহাম্মদ রুবেলের। বিদেশ যাওয়ার প্রয়োজন হয়নি, তাই গুরুত্বপূর্ণ এই নথিরও প্রয়োজন পড়েনি। অস্ট্রেলিয়া সফরের ডাক আসতেই অবশ্য বদলে গেল সব। সবুজ পাতার পাসপোর্টে নিজের নাম লিখিয়ে অস্ট্রেলিয়ায় পা রাখেন এই রহস্য স্পিনার। এরপর থেকেই বল হাতে একের পর এক চমক দেখাচ্ছেন তিনি। দুই ম্যাচে পেয়েছিলেন ৪ উইকেট, এবার অপেক্ষার প্রহর পেরিয়ে পেলেন কাঙ্ক্ষিত ফাইফার।
নর্দান স্টাইর্কাসের বিপক্ষে রুবেল যেন ঘূর্ণির জাদু ছড়ালেন। তার বলের রহস্যই বুঝে উঠতে পারলেন না প্রতিপক্ষের ব্যাটাররা। একে একে পাঁচ ব্যাটারকে সাজঘরের পথ দেখান তিনি। দলের অন্য বোলারদের বিপক্ষে রান তুলতে পারলেও রুবেলের বলে রান নয়, উইকেটই হারিয়েছে নর্দান। তাতেই প্রত্যাশিত রান থেকে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। এই স্পিনারের কল্যাণে নির্ধারিত ২০ ওভার শেষে ১৪৩ রানে থামে তারা।
টপ এন্ড টি-টোয়েন্টিতে এ নিয়ে তৃতীয়বারের মতো এক ম্যাচে ৪ বা তার বেশি উইকেট পেলেন রুবেল। এর আগে দুবার ফাইফারের সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত পাঁচ উইকেটের দেখা পাননি। এবার আর সেই আক্ষেপ থাকেনি। নর্দানের বিপক্ষে নিজের দ্বিতীয় ও তৃতীয় ওভারে জোড়া উইকেট তুলে নিয়ে ফাইফার পূর্ণ করেন তিনি। সবমিলিয়ে ৬ ম্যাচে ২০ উইকেট শিকার করেছেন তিনি। তার আশেপাশেও নেই টুর্নামেন্টের কোনো বোলার।
ক্রিকেটের বাইরেও রুবেলের পরিচয় বেশ ভিন্নধর্মী। প্রায় ৬ হাজার বিয়ের নিবন্ধক হিসেবে কাজ করেন ৩০ বছর বয়সী এই স্পিনার। অন্যদের সংসার জোড়া লাগানোর কাজ করা সেই রুবেলই এবার বাইশ গজে দেখালেন জুটি ভাঙার মুন্সিয়ানা। প্রতিটি ম্যাচেই পেয়েছেন উইকেটের দেখা। নিউজিল্যান্ড ম্যাচ ছাড়া বাকি প্রতিটিতে তিন বা তার বেশি উইকেট পেয়েছেন এই রহস্য স্পিনার।
এখন পর্যন্ত এক ওভারে জোড়া উইকেট শিকারের কীর্তি আছে তার চারবার। নর্দান স্ট্রাইকার্সের বিপক্ষে সেই মাইলফলক দেখেছেন দুইবার। তাতে মিলেছে পাঁচ উইকেট শিকারের অনন্য কীর্তি। দুই ম্যাচে চারটি করে উইকেট নেওয়া এই স্পিনার এবার পেলেন কাঙ্ক্ষিত ফাইফারের দেখা।
এমআই