রুবেলের ফাইফারে পঞ্চম জয়ের দেখা পেল বাংলাদেশ
খেলা ডেস্ক
২৮ আগস্ট ২০২৬, ১৭:১৮
বল হাতে ঝলকটা দেখিয়েছেন মোহাম্মদ রুবেল। টপ এন্ড টি-টোয়েন্টিতে দুইবার ৪ উইকেট পাওয়া এই স্পিনার এবার নিয়েছেন ফাইফার। ব্যাট হাতে আবারও ভরসার প্রতিদান দিলেন সাব্বির রহমান। এই দুই ক্রিকেটারের কল্যাণে নর্দার্ন টেরিটরি স্ট্রাইককে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। পাশাপাশি টুর্নামেন্টের পঞ্চম জয়ও পেয়েছে তারা।
ডারউইনে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে নর্দার্ন টেরিটরি স্ট্রাইক। মাত্র ৯৭ রানের মধ্যেই হারিয়ে ফেলে ৮ উইকেট। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৩ রান তুলতে পারে স্বাগতিকরা।
দলের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন জর্ডান সিল্ক। ম্যাট হ্যামন্ডের ব্যাট থেকে আসে ২৬ রান, ক্যাডেল ম্যাকমাহন করেন ২৫। বাংলাদেশের বোলারদের মধ্যে একাই আলো ছড়ান মোহাম্মদ রুবেল। মাত্র ২১ রান খরচায় ৫ উইকেট শিকার করেন এই রহস্য স্পিনার।
১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ২০ রানের মাথায় তৃতীয় ওভারেই আরিফুল ইসলামকে হারায় তারা। এরপর ওয়ান ডাউনে ক্রিজে এসে দলের হাল ধরেন সাব্বির রহমান। ৩৭ বলে ৪৭ রানের দারুণ ইনিংস খেলেন সাব্বির। তার ব্যাট থেকে আসে দুটি চার ও একটি ছক্কা।
মাত্র ৩ রানের আক্ষেপ নিয়ে ফিরলেও জয়ের ভিত গড়ে দিয়ে যান এই ব্যাটার। সাব্বির ফেরার পর কিছুটা চাপ তৈরি হলেও শেষ পর্যন্ত তা আর বাড়তে দেননি বাংলাদেশের ব্যাটাররা। সামিউন বাসির রাতুল ৮ বলে ১৪ রান করে জয়ের পথ সহজ করেন। বাউন্ডারি হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন সাকলাইন।
শেষ পর্যন্ত ১০ বল হাতে রেখেই ৩ উইকেটের জয় নিশ্চিত করে বাংলাদেশ এইচপি। তাতেই ৬ ম্যাচে ৫ জয় নিয়ে টেবিলের শীর্ষে আছে ইরফান শুক্কুরের দল। ইতোমধ্যে টাইগারদের সেমিফাইনালের জায়গাও নিশ্চিত হয়েছে।
এমআই