এশিয়ান গেমসে কেন খেলবেন না নাহিদ-রুবেল?
খেলা ডেস্ক
৩১ আগস্ট ২০২৬, ১৭:২১
সোনা জয়ের লক্ষ্য নিয়ে এশিয়ান গেমসের জন্য শক্তিশালী দল গড়তে যাচ্ছে বাংলাদেশ। জাতীয় দলের আদলে সাজানো হতে পারে লাল-সবুজের স্কোয়াড। তাওহীদ হৃদয় কিংবা লিটন দাসের নেতৃত্বে দেখা যেতে পারে একঝাঁক জাতীয় দলের ক্রিকেটারকে। তবে সেই দলে থাকছেন না দুই আলোচিত নাম নাহিদ রানা ও মোহাম্মদ রুবেল।
নাহিদকে এশিয়ান গেমসের জন্য বিবেচনা না করার কারণ অবশ্য পরিষ্কার। চোট থেকে ফেরার পর তাকে ধীরে ধীরে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরানোর পরিকল্পনা করেছে নির্বাচক কমিটি। প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন জানিয়েছেন, পুনর্বাসন প্রক্রিয়ার কারণে এশিয়ান গেমসে নাহিদের খেলা হচ্ছে না।
‘পুনর্বাসন প্রক্রিয়ার জন্য এশিয়ান গেমসে নাহিদ রানাকে আমরা বিবেচনা করছি না। আফগানিস্তান সিরিজ দিয়ে ফিরবে সে। ওই সিরিজে সে টেস্ট না কি ওয়ানডে খেলবে, সেটা দেখার বিষয়। তবে এশিয়ান গেমসে যে তার খেলা হচ্ছে না, এটা শতভাগ নিশ্চিত।’
অর্থাৎ এশিয়ান গেমসে না থাকলেও নাহিদের আন্তর্জাতিক প্রত্যাবর্তনের পরিকল্পনা রয়েছে। আফগানিস্তান সিরিজেই তাকে ফেরানোর কথা ভাবছে নির্বাচকরা। সেখানে কোন সংস্করণে তাকে দেখা যাবে, সেটি অবশ্য এখনো চূড়ান্ত হয়নি।
অন্যদিকে মোহাম্মদ রুবেলের ক্ষেত্রে বিষয়টি কিছুটা ভিন্ন। সম্প্রতি বাংলাদেশ ক্রিকেটে আলোচনার কেন্দ্রে উঠে আসা এই রহস্য স্পিনারকে এশিয়ান গেমসের স্কোয়াডে নেওয়ার সুযোগই আর নেই। কারণ তিন মাস আগেই এশিয়ান গেমসের জন্য ২৫ সদস্যের প্রাথমিক দল জমা দিতে হয়েছিল। সেই তালিকায় ছিলেন না রুবেল।
ফলে বর্তমানে দারুণ ছন্দে থাকা রুবেলের জন্য এশিয়ান গেমসের দরজা কার্যত বন্ধ। টপ এন্ড টি-টোয়েন্টি লিগে সাত ম্যাচে নিয়েছেন ২৩ উইকেট। তার ধারেকাছেও ছিল না টুর্নামেন্টের অন্য কোনো বোলার। কিন্তু দারুণ পারফর্ম করেও সময়সীমার কারণে এশিয়ান গেমসের দলে ঢোকার সুযোগ পাচ্ছেন না তিনি।
আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় বসবে এশিয়ান গেমসের ক্রিকেটের আসর। পুরুষদের প্রতিযোগিতায় সরাসরি নকআউট পর্বে খেলবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা। বাকি ছয় দলকে প্রথম রাউন্ড পেরিয়ে জায়গা করে নিতে হবে মূল পর্বে।
এমআই