Advertisement
Us Bangla Airlines
বিপিএলের বদলে নতুন টুর্নামেন্ট হচ্ছে না, জানালেন মিথুন

বিপিএলের বদলে নতুন টুর্নামেন্ট হচ্ছে না, জানালেন মিথুন

খেলা ডেস্ক

০১ সেপ্টেম্বর ২০২৬, ২০:০০

চলতি বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরিবর্তে নতুন কোনো টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে না বলে জানিয়েছেন ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিথুন। তাঁর মতে, বিপিএল না হলে ক্রিকেটারদের যে আর্থিক ক্ষতি হবে, তা অন্য কোনো টুর্নামেন্ট দিয়ে পূরণ করা সম্ভব নয়।

বিপিএলের শুরু থেকে একের পর এক বিতর্ক যেন সঙ্গী হয়েছে টুর্নামেন্টটির। প্রায় প্রতি আসরেই আলোচনায় থাকে পারিশ্রমিক নিয়ে জটিলতা। সবশেষ আসর শেষ হওয়ার পরও অনেক ক্রিকেটার তাদের পাওনা টাকা পাননি। এমন পরিস্থিতিতে আগের মতো জোড়াতালি দিয়ে বিপিএল আয়োজন না করে নতুন আঙ্গিকে টুর্নামেন্টটি করার কথা জানিয়েছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।

এবার বিপিএল না হওয়ায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কায় থাকা ঘরোয়া ক্রিকেটারদের বিষয়টি নিয়ে বিসিবির সঙ্গে দুই দফা বৈঠক করেছে ক্রিকেটাররা। মঙ্গলবার দ্বিতীয় দফার বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন কোয়াব সভাপতি মিথুন।

বিপিএলের বিকল্প হিসেবে নতুন কোনো টুর্নামেন্ট না থাকায় হতাশা প্রকাশ করে মিথুন বলেন, ‘বিপিএলের পরিবর্তে নতুন কোনো টুর্নামেন্ট হচ্ছে না। বিপিএলের যে আর্থিক ক্ষতি, এটা কোনোভাবেই পূরণ করা সম্ভব না। বিপিএল ভালোভাবে হোক, এটা আমাদের দাবি যেমন, সঙ্গে বোর্ডেরও দায়িত্ব।’

তবে বিপিএল না থাকলেও অন্যান্য ঘরোয়া প্রতিযোগিতার মাধ্যমে ক্রিকেটারদের আর্থিকভাবে কিছুটা স্বস্তি দেওয়ার দাবি জানিয়েছেন তারা। মিথুন বলেন, ‘আমাদের দাবি ছিল, যেন বিপিএল ছাড়াই আমাদের আর্থিক চিন্তা করতে না হয়। যেন অন্যান্য টুর্নামেন্ট দিয়েই আমরা ভালোভাবে চলতে পারি।’

তিনি আরও বলেন, ‘বিসিএল, এনসিএল যা হওয়ার সেগুলোই হবে। সেখান থেকে যতটা কাভার করে নেওয়া যায় আর্থিকভাবে, সেই চেষ্টা থাকবে।’