Advertisement
Us Bangla Airlines
বিশ্ব ক্রিকেটারদের নেতা হলেন মিথুন

বিশ্ব ক্রিকেটারদের নেতা হলেন মিথুন

খেলা ডেস্ক

২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৯:০৪

বাংলাদেশের ক্রিকেটের গণ্ডি পেরিয়ে এবার বিশ্ব ক্রিকেটারদের বৃহত্তর পরিসরে নেতৃত্বের ভূমিকায় মোহাম্মদ মিথুন। ক্রিকেটারদের আন্তর্জাতিক সংগঠন ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (ডব্লিউসিএ) পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন তিনি। একই সঙ্গে কোয়াবের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

ডব্লিউসিএর পরিচালক হওয়ার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন মিথুন। বাংলাদেশের হয়ে ১০টি টেস্ট, ৩৪টি ওয়ানডে ও ১৭টি টি-টোয়েন্টি খেলা সাবেক এই ক্রিকেটারের নতুন দায়িত্বের মাধ্যমে বৈশ্বিক ক্রিকেটার সংগঠনে বাংলাদেশের প্রতিনিধিত্ব শুরু হলো।

কোয়াব জানিয়েছে, ডব্লিউসিএ বোর্ডে বিশ্বের বিভিন্ন দেশের খেলোয়াড় সংগঠনের নেতৃত্ব এবং স্বতন্ত্র পরিচালকদের সঙ্গে কাজ করবেন মিথুন। ফলে আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেটারদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বাংলাদেশের খেলোয়াড়দের প্রতিনিধিত্ব করার সুযোগ তৈরি হয়েছে তার সামনে।

শুধু বোর্ডে জায়গা পাওয়াই নয়, বৈশ্বিক ক্রিকেটের বাণিজ্যিক কর্মকাণ্ডেও যুক্ত হচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা। কোয়াব জানিয়েছে, বাংলাদেশের চুক্তিবদ্ধ পুরুষ ও নারী ক্রিকেটাররা ডব্লিউসিএর বৈশ্বিক বাণিজ্যিক কর্মসূচিতে যুক্ত হয়েছেন।

বিশ্বের শীর্ষ ১৯টি ক্রিকেট খেলুড়ে দেশের মধ্যে ১৭টি দেশের আন্তর্জাতিক ক্রিকেটাররা এই কর্মসূচির আওতায় রয়েছেন। ক্রিকেটারদের নাম, ছবি, শারীরিক অবয়বসহ বিভিন্ন বাণিজ্যিক অধিকারের সম্মিলিত সুরক্ষা নিশ্চিত করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।