Advertisement
Us Bangla Airlines
এলপিএলের ড্রাফটে নাম লেখালেন ৪৮ বাংলাদেশি

এলপিএলের ড্রাফটে নাম লেখালেন ৪৮ বাংলাদেশি

খেলা ডেস্ক

২৩ মে ২০২৬, ১৮:৪৪

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) এবারের ড্রাফটে রেকর্ডসংখ্যক বাংলাদেশি ক্রিকেটার নাম লিখিয়েছেন। মোট ৪৮ জন বাংলাদেশি ক্রিকেটার জায়গা পেয়েছেন প্রাথমিক তালিকায়, যা দেশটির ক্রিকেটারদের বাড়তে থাকা বৈশ্বিক চাহিদারই প্রতিফলন। আগামী ১ জুন এলপিএলের ষষ্ঠ আসরের ড্রাফট অনুষ্ঠিত হবে।

এলপিএলে ইতোমধ্যে সরাসরি চুক্তিতে দল পেয়েছেন সাকিব আল হাসান। চারবারের চ্যাম্পিয়ন জাফনা কিংসে খেলবেন তিনি। একই দলে তাসকিনের খেলার কথাও জানানো হয়েছিল। যদিও পরে লঙ্কান ক্রিকেট বোর্ড তাসকিনকে নিয়ে দেওয়া পোস্টটি মুছে ফেলে। ফলে সরাসরি চুক্তি না হলে তাকে থাকতে হবে ড্রাফটেই।

এবারের এলপিএল ড্রাফটে ২১টি দেশ থেকে নাম লিখিয়েছেন প্রায় ৬৫০ ক্রিকেটার। তবে যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকায় রাখা হবে ৩১০ জনকে। দলগুলোর চাহিদা ও পরিকল্পনা অনুযায়ী তৈরি হবে সেই তালিকা। ফলে বাংলাদেশের ৪৮ জনের সবাই শেষ পর্যন্ত জায়গা পাবেন কি না, তা এখনও নিশ্চিত নয়।

ড্রাফটে সবচেয়ে বেশি ক্রিকেটার এসেছে পাকিস্তান থেকে, সংখ্যাটা ১০২। ওয়েস্ট ইন্ডিজ থেকে আছেন ৭৫ জন, দক্ষিণ আফ্রিকা থেকে ৬৬ জন। এরপরেই বাংলাদেশ রয়েছে শক্ত অবস্থানে। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার চেয়েও বেশি বাংলাদেশি ক্রিকেটার নাম লিখিয়েছেন এবারের ড্রাফটে।

সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বাংলাদেশি ক্রিকেটারদের ধারাবাহিক পারফরম্যান্সে বিদেশি লিগগুলোতে তাদের কদর বেড়েছে। সবশেষ পাকিস্তান সুপার লিগেও দেখা গেছে বাংলাদেশিদের বড় উপস্থিতি। এবার এলপিএলেও সেই ধারা অব্যাহত থাকবে কি না, সেটিই এখন দেখার অপেক্ষা।

এমআই