বিশ্বকাপের জন্য পর্তুগালের শক্তিশালী দল ঘোষণা
খেলা ডেস্ক
১৯ মে ২০২৬, ১৯:০৪
আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে পর্তুগাল। কোচ রবার্তো মার্তিনেসের ঘোষিত ২৭ সদস্যের দলে স্বাভাবিকভাবেই আছেন দলটির সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সেও জাতীয় দলে নিজের জায়গা ধরে রেখে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছেন এই কিংবদন্তি ফরোয়ার্ড।
অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে ভারসাম্যপূর্ণ দল সাজিয়েছেন মার্তিনেস। রোনালদো, ব্রুনো ফার্নান্দেস, বার্নার্দো সিলভাদের অভিজ্ঞতার পাশে জায়গা পেয়েছেন ভিতিনহা, জোয়াও নেভেস, গনসালো রামোসদের মতো তরুণরাও।
বিশ্বকাপের গ্রুপ ‘কে’-তে পর্তুগালের প্রতিপক্ষ কলম্বিয়া, উজবেকিস্তান ও ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো। আগামী ১৭ জুন হিউস্টনে কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ইউরোপের এই দলটি। এরপর ২৩ জুন একই ভেন্যুতে উজবেকিস্তানের মুখোমুখি হবে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৮ জুন মিয়ামিতে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে রোনালদোরা।
পর্তুগালের বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক
দিওগো কস্তা, জোসে সা, রুই সিলভা ও রিকার্দো ভেলহো।
রক্ষণভাগ
দিওগো দালোত, নেলসন সেমেদো, জোয়াও কানসেলো, নুনো মেন্দেস, গনসালো ইনাসিও, রেনাতো ভেইগা, রুবেন দিয়াস, টমাস আরাউজো ও ম্যাথিউস নুনেস।
মাঝমাঠ ও আক্রমণভাগ
রুবেন নেভেস, সামুয়েল কস্তা, জোয়াও নেভেস, ভিতিনহা, ব্রুনো ফার্নান্দেস, বার্নার্দো সিলভা, ক্রিস্টিয়ানো রোনালদো, জোয়াও ফেলিক্স, ত্রিনকাও, ফ্রান্সিসকো কনসেইসাও, পেদ্রো নেতো, রাফায়েল লেয়াও, গনসালো গেদেস ও গনসালো রামোস।
এমআই