ব্র্যাডম্যানকে পেছনে ফেললেন মুশফিক
খেলা ডেস্ক
০৯ নভেম্বর ২০২৬, ১৮:৪৬
টেস্ট ক্রিকেটে আরও একটি অনন্য কীর্তি গড়লেন মুশফিকুর রহিম। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন। নতুন কীর্তি গড়তে পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানকে। টেস্টে ব্র্যাডম্যানের সংগ্রহ ছিল ৬৯৯৬ রান। মুশফিকের রান এখন ছাড়িয়ে গেছে সেই সংখ্যাও।
ঢাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে চোটের কারণে খেলতে পারেননি মুশফিক। সিলেটে দ্বিতীয় টেস্টে ফিরলেও প্রথম ইনিংসে বড় ইনিংস খেলতে পারেননি। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেই ইতিহাস গড়েন অভিজ্ঞ এই ব্যাটার।
সাত হাজার রান থেকে ৪৩ রান দূরে থেকে সিলেট টেস্ট শুরু করেছিলেন মুশফিক। প্রথম ইনিংসে ৩৪ রান করার পর প্রয়োজন ছিল আর মাত্র ৯ রান। পঞ্চম দিনের ২০তম ওভারে জোমেল ওয়ারিকানকে মিড অনে ঠেলে দিয়ে এক রান নিয়েই সাত হাজারের ঘরে পৌঁছে যান তিনি। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে এই মাইলফলক স্পর্শ করেন মুশফিক।
২০০৫ সালের ২৬ মে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল মুশফিকের। অভিষেক ম্যাচে দুই ইনিংসে তার রান ছিল যথাক্রমে ১৯ ও ৩। দীর্ঘ পথচলায় ১০৭ টেস্টের ১৯৭তম ইনিংসে সাত হাজারি ক্লাবে প্রবেশ করলেন তিনি। মুশফিকের টেস্ট ক্যারিয়ারে রয়েছে ১৪টি সেঞ্চুরি ও ৩০টি হাফসেঞ্চুরি।
সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ২১৯ রান। ডাবল সেঞ্চুরি করেছেন তিনটি। এবার টেস্ট ইতিহাসে ৫৯তম ব্যাটার হিসেবে ৭০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।
বাংলাদেশের টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় মুশফিকের পরেই রয়েছেন মুমিনুল হক। তার সংগ্রহ ৫২৯৩ রান। আন্তর্জাতিক পরিসরে সাত হাজার রানের পথে ব্র্যাডম্যানকে ছাড়িয়ে গেলেও মুশফিকের সামনে রয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস। তার সংগ্রহ ৭০৩৭ রান।