Advertisement
Us Bangla Airlines
মুমিনের সেঞ্চুরি, তামিমের ৭ উইকেটে সেমিতে বাংলাদেশ

মুমিনের সেঞ্চুরি, তামিমের ৭ উইকেটে সেমিতে বাংলাদেশ

খেলা ডেস্ক

০৯ নভেম্বর ২০২৬, ১৯:৩১

যুব এশিয়া কাপে দাপুটে পারফরম্যান্সে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। মালয়েশিয়াকে ২০৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশের এই জয়ে ব্যাট হাতে রেকর্ড গড়েছেন আহসান আল মুমিন, বল হাতে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দিয়েছেন তাফিউল আলম তামিম।

সোমবার ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে ‘বি’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে আগে ব্যাট করে ৭ উইকেটে ৩০৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে তামিমের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৯৮ রানেই গুটিয়ে যায় মালয়েশিয়া।

যুব ওয়ানডেতে রানের ব্যবধানে এটিই বাংলাদেশের সবচেয়ে বড় জয়। এর আগে ২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৯৮ রানের জয় ছিল সর্বোচ্চ। যুব এশিয়া কাপের ইতিহাসে এটি দ্বিতীয় বৃহত্তম জয়। এর চেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড ভারতের, ২৩৪ রান।

বাংলাদেশের জয়ের নায়ক ছিলেন দুইজন। ব্যাট হাতে আহসান আল মুমিন খেলেছেন ১৩৩ বলে অপরাজিত ১৫২ রানের দুর্দান্ত ইনিংস। অন্যদিকে বল হাতে তাফিউল আলম তামিম মাত্র ১৮ রান খরচায় শিকার করেছেন ৭ উইকেট। যুব ওয়ানডেতে বাংলাদেশের কোনো বোলারের ইনিংসে সাত উইকেট নেওয়ার প্রথম ঘটনা এটি।

ম্যাচের শুরুতে টস জিতে ব্যাটিংয়ে নেমে বিপাকে পড়েছিল বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৪৪ রানেই ৬ ব্যাটারকে হারায় দল। সেখান থেকে দলের হাল ধরেন চার নম্বরে নামা সহ-অধিনায়ক মুমিন। সপ্তম উইকেটে রবিউল হাসান অনিকের সঙ্গে ৭৯ এবং নবম উইকেটে আলআমিন হোসেনের সঙ্গে আরও ৭৯ রানের জুটি গড়েন তিনি।

বিশেষ করে শেষ জুটিতে মুমিনের অবদান ছিল অসাধারণ। ৭৯ রানের মধ্যে একাই করেন ৬৮ রান। ১০২ বলে সেঞ্চুরি পূর্ণ করা এই ব্যাটার শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১৫২ রানে। তাঁর ইনিংসে ছিল ১০টি চার ও ৬টি ছক্কা। এর মধ্য দিয়ে যুব ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড গড়েন তিনি। পেছনে ফেলেন পিনাক ঘোষের ১৫০ রানের ইনিংস।

৩০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের পেস আক্রমণের সামনে অসহায় হয়ে পড়ে মালয়েশিয়া। পাওয়ার প্লের মধ্যেই পাঁচ উইকেট তুলে নেয় টাইগার যুবারা। এক প্রান্তে নাগিনেশ্বরন সাথনাকুমারান ৮১ বলে ৫০ রান করে লড়াই করলেও অন্য প্রান্তে টিকতে পারেননি কেউ। তামিমের সাত উইকেটের পাশাপাশি রুবাই ইসলাম রিজন নেন দুটি উইকেট।

তিন ম্যাচে দুই জয় নিয়ে ‘বি’ গ্রুপের রানার্সআপ হিসেবে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। আগামী বৃহস্পতিবার শেষ চারের লড়াইয়ে মাঠে নামবে তারা। প্রতিপক্ষ হিসেবে ভারত কিংবা পাকিস্তানের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের।