Advertisement
Us Bangla Airlines
‘তাইজুলের ওপর ভরসা রাখতে চাই’

‘তাইজুলের ওপর ভরসা রাখতে চাই’

খেলা ডেস্ক

০৯ নভেম্বর ২০২৬, ১৫:৫০

বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারি তাইজুল ইসলাম। দীর্ঘ এক দশক ধরে লাল বলের ক্রিকেটে দলের অন্যতম ভরসা তিনি। তবে সাম্প্রতিক সময়ে নিজের চেনা ছন্দে নেই এই বাঁহাতি স্পিনার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠের স্পিনসহায়ক উইকেটেও প্রত্যাশা পূরণ করতে পারেননি।

এরপরও দক্ষিণ আফ্রিকা সফরে তার ওপর আস্থা রাখতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমনের মতে, তাইজুলকে এখনই দল থেকে বাদ দেওয়ার কথা ভাবছে না নির্বাচকরা। বরং তার ফর্মে ফেরাটাকে গুরুত্বপূর্ণ মনে করছে টিম ম্যানেজমেন্ট।

তাইজুলকে নিয়ে বাশার বলেন, ‘এই মুহূর্তে বাঁহাতি স্পিনার হিসেবে আমরা তাইজুলের ওপরই ভরসা রাখতে চাই। গত তিনটি টেস্টে সে কিছুটা অফ ফর্মে ছিল। তবে তাকে ফর্মে ফেরানো আমাদের জন্য খুব জরুরি। আমরা তাকে বাদ দিতে চাই না।’

এদিকে দক্ষিণ আফ্রিকার কন্ডিশন বিবেচনায় টেস্ট দল থেকে বাদ পড়েছেন স্পিনার নাঈম হাসান। সেখানে পেসারদের আধিক্য রাখার পরিকল্পনা নির্বাচকদের। বাশার জানান, দক্ষিণ আফ্রিকায় তিনজন পেসার খেলবে, এমনকি চারজন পেসার নিয়েও মাঠে নামতে পারে বাংলাদেশ। তাই তিনজন স্পিনার রাখার প্রয়োজন দেখছেন না তারা।

এদিকে চোট কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায় রয়েছেন পেসার নাহিদ রানা। তার সঙ্গে কথা হয়েছে জানিয়ে বাশার বলেন, অস্ট্রেলিয়ায় পুনর্বাসনের অংশ হিসেবে প্রায় ৯০ শতাংশ বোলিং করেছেন এই তরুণ পেসার। আগামী ১৫ তারিখ দেশে ফেরার কথা রয়েছে তার। দ্রুত মাঠে ফেরার ব্যাপারেও আশাবাদী নাহিদ।