Advertisement
Us Bangla Airlines
নিজেকে সর্বকালের সেরা অধিনায়ক মনে করছেন লিটন

নিজেকে সর্বকালের সেরা অধিনায়ক মনে করছেন লিটন

খেলা ডেস্ক

১৬ মে ২০২৬, ১৩:১২

বাংলাদেশ ক্রিকেটে নেতৃত্বের চিত্র এখন তিন ফরম্যাটে তিন অধিনায়কের। সেই ভিড়ে টি-টোয়েন্টি দলের দায়িত্বে থাকা লিটন দাস নিজের জায়গা নিয়ে এমন এক অবস্থান নিলেন, যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। নিজের পারফরম্যান্স ও রেকর্ডকে সামনে রেখে তিনি নিজেকেই এগিয়ে রাখছেন দেশের ইতিহাসের বড় বড় অধিনায়কদের চেয়েও।

সম্প্রতি বিসিবির এক পডকাস্টে লিটনকে বিভিন্ন প্রজন্মের ক্রিকেটারদের সঙ্গে তুলনা করে একের পর এক প্রশ্ন করা হয়। শুরুতেই সাকিব আল হাসান নাকি লিটন দাস। এই প্রশ্নে তার উত্তর ছিল, ‘কঠিন… তবে আমি আমাকেই বেছে নেব।’

এরপরও নিজের অবস্থান থেকে সরে আসেননি লিটন। লিটন দাস বনাম তামিম ইকবাল প্রসঙ্গে তিনি বলেন, ‘রেকর্ডের দিক দিয়ে আমি।’ একই যুক্তি দেন নাজমুল হোসেন শান্ত এবং মেহেদী হাসান মিরাজের ক্ষেত্রেও। প্রতিটি তুলনায় নিজের পারফরম্যান্সকেই এগিয়ে রাখেন তিনি।

সঞ্চালকের প্রশংসা ছিল তার আত্মবিশ্বাস নিয়ে। তবে প্রশ্নোত্তর পর্ব এগিয়ে যেতে থাকলেও লিটনের অবস্থান বদলায়নি। বাংলাদেশের সর্বকালের সেরা অধিনায়ক প্রসঙ্গে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বকে সম্মান জানালেও তিনি আবারও রেকর্ডের দিক থেকে নিজের অবস্থান তুলে ধরেন।

মুশফিকুর রহিম ও খালেদ মাহমুদ সুজনের সঙ্গে তুলনার ক্ষেত্রেও একই আত্মবিশ্বাসী উত্তর আসে লিটনের কাছ থেকে। তার যুক্তি, যে ফরম্যাটে তিনি খেলেছেন, সেখানে পরিসংখ্যানই তাকে এগিয়ে রাখে। লিটনের এই মন্তব্য ঘিরে ক্রিকেট অঙ্গনে ইতোমধ্যে নতুন আলোচনা শুরু হয়েছে।

এমআই