‘পাঁচ পেসারের তিনজনই ভালো ব্যাটিং পারে’
খেলা ডেস্ক
২৬ এপ্রিল ২০২৬, ২২:২২
প্রায় এক বছর ধরে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে জাতীয় টি-টোয়েন্টি দলে জায়গা করে নিয়েছেন আব্দুল গাফফার সাকলাইন। নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে দলে ডাক পাওয়া এই তরুণ পেসারকে নিয়ে এবার বড় আশা দেখছেন অধিনায়ক লিটন দাস।
চট্টগ্রামে সিরিজ শুরুর আগেরদিন সংবাদ সম্মেলনে অধিনায়ক লিটন দাস সাকলাইনকে অলরাউন্ডার হিসেবেই দেখছেন বলে জানান। লিটন বলেন, ‘সাকলাইনকে আমি আমার দৃষ্টিতে একজন অলরাউন্ডার হিসেবে দেখি। হয়তো আপনি কোন ফরম্যাটের কথা বলছেন জানি না, তবে এখন ফরম্যাট টি-টোয়েন্টি।’
লিটন আরও বলেন, ‘আমার আশা, সে বিপিএলে রাজশাহীর হয়ে খুব ভালো খেলেছে। সেখান থেকেই সে নজর কেড়েছে। তাই চেষ্টা করব তাকে এখানে ধীরে ধীরে গড়ে তোলার, দলের সঙ্গে রেখে এমন পর্যায়ে নেওয়ার যেন আমরা তাকে খেলাতে পারি এবং সে আমাদের প্রতিদান দিতে পারে।’
ব্যাটিং গভীরতা নিয়েও দলের পরিকল্পনার কথা জানান লিটন। তিনি বলেন, ‘আপনি যদি দেখেন সামগ্রিকভাবে এই দলে, বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে, যে পাঁচজনকে আমরা টেলএন্ডার হিসেবে ধরছি, পাঁচ পেস বোলারের মধ্যে তিনজনই খুব ভালো ব্যাটিং করতে পারে। শরিফুল, রিপনও টুকটাক পাঁচ-ছয় রান করে দিতে পারবে।’
লিটনের বিশ্বাস, নিচের দিকের এই ব্যাটিং সক্ষমতা টপ অর্ডারকে আরও স্বাধীনভাবে খেলার সুযোগ করে দেবে। তিনি যোগ করেন, বড় দলগুলোর মতো ব্যাটিং ডেপথ তৈরি করতে পারলে দলের ব্যাটসম্যানরা চাপমুক্ত হয়ে খেলতে পারবেন। রিশাদ, শেখ মেহেদীর সঙ্গে এবার ফাস্ট বোলারদের থেকেও রান চান লিটন।
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে আগামীকাল থেকে, যেখানে নতুন মুখ সাকলাইনকে নিয়েও বাড়তি নজর থাকবে নির্বাচক ও সমর্থকদের।
এমআই