Advertisement
Us Bangla Airlines
বাংলাদেশের বিপক্ষে হারলেই জরিমানা গুনবে শ্রীলঙ্কা

বাংলাদেশের বিপক্ষে হারলেই জরিমানা গুনবে শ্রীলঙ্কা

খেলা ডেস্ক

২৬ এপ্রিল ২০২৬, ১৮:০১

শ্রীলঙ্কার ক্রিকেটে বড় পরিবর্তনের পথে হাঁটছে দেশটির বোর্ড। প্রশাসনিক রদবদলের পর এবার খেলোয়াড়দের চুক্তি ও প্রণোদনা কাঠামোতেও আনা হচ্ছে কঠোরতা। নতুন প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশের মতো দলের বিপক্ষে জয় পেলে কোনো বোনাস মিলবে না, তবে হারলে গুনতে হবে জরিমানা।

এর আগে আইসিসি র‌্যাংকিংয়ের ১ থেকে ৯ নম্বর দলের বিপক্ষে জিতলেই শ্রীলঙ্কার ক্রিকেটাররা বোনাস পেতেন। নতুন কাঠামোয় সেই সুযোগ সীমিত করা হয়েছে। এখন থেকে কেবল শীর্ষ চার দলের বিপক্ষে সিরিজ জিতলেই মিলবে প্রণোদনা। একক ম্যাচ জয়ে আর কোনো অতিরিক্ত পুরস্কার থাকছে না।

নতুন নিয়মে প্রতিপক্ষের শক্তি ও ভেন্যু দুটিই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। শক্তিশালী দলকে তাদের মাটিতে হারাতে পারলে বোনাসের পরিমাণ বেশি হবে। তবে ঘরের মাঠে জয়ের ক্ষেত্রে হোম অ্যাডভান্টেজ বিবেচনায় সেই অঙ্ক কিছুটা কম রাখা হয়েছে। অন্যদিকে সিরিজ হারলেই জরিমানার বিধান থাকছে, যা খেলোয়াড়দের ওপর বাড়তি চাপ তৈরি করবে।

শ্রীলঙ্কার গণমাধ্যম জানিয়েছে, প্রস্তাবিত বোনাস কাঠামো অনুযায়ী– অ্যাওয়ে টেস্ট সিরিজে র‌্যাংকিংয়ের এক নম্বর দলকে হারালে মিলবে ১ লাখ ৫০ হাজার ডলার, দুই নম্বর দলকে হারালে ১ লাখ ডলার, তিন নম্বর দলকে হারালে ৭৫ হাজার ডলার এবং চার নম্বর দলকে হারালে ৬০ হাজার ডলার।

ঘরের মাঠে টেস্ট সিরিজ জয়ে এক নম্বর দলকে হারালে ১ লাখ ডলার, দুই নম্বর দলকে হারালে ৭৫ হাজার ডলার, তিন নম্বর দলকে হারালে ৫০ হাজার ডলার এবং চার নম্বর দলকে হারালে ২৫ হাজার ডলার বোনাস নির্ধারণ করা হয়েছে। ওয়ানডে সিরিজে বোনাস নির্ধারিত হবে প্রতিপক্ষের র‌্যাংকিং ও হোম-অ্যাওয়ে বিবেচনায়।

 টি-টোয়েন্টি সিরিজের ক্ষেত্রে হোম ও অ্যাওয়ে, উভয় ক্ষেত্রেই একই বোনাস প্রযোজ্য হবে, যা ওয়ানডে অ্যাওয়ে সিরিজ জয়ের সমান।

ম্যাচ ফিতেও থাকছে নির্দিষ্ট কাঠামো। টেস্টে জয় পেলে ১৫ হাজার ডলার, ড্র করলে ১০ হাজার এবং হারলে ৭ হাজার ৫০০ ডলার দেওয়া হবে। ওয়ানডেতে জয় ৭ হাজার ৫০০ ডলার, হারলে ৩ হাজার ৫০০ এবং ফল না হলে ৩ হাজার ডলার। টি-টোয়েন্টিতে জয় ৫ হাজার ডলার, হারলে ২ হাজার ৫০০ এবং ফল না হলে ২ হাজার ডলার।

এছাড়া ব্যক্তিগত পারফরম্যান্সের ভিত্তিতেও থাকছে বাড়তি প্রণোদনা। কোনো খেলোয়াড় র‌্যাংকিংয়ের শীর্ষে উঠতে পারলে পাবেন ২৫ হাজার ডলার। আর ২ থেকে ৫ নম্বরের মধ্যে থাকলে মিলবে ২০ হাজার ডলার। তবে এর সঙ্গে জরিমানাও গুনার সম্ভাবনা রয়েছে লঙ্কান ক্রিকেটারদের।

শীর্ষ চারদল ছাড়া বাকি দলগুলোর সঙ্গে হারলে বোনাসের পরিবর্তে ক্ষতির মুখে পড়বে লঙ্কান লায়নরা। বাংলাদেশ তিন ফরম্যাটে ৯-১০ র‌্যাঙ্কিংয়ে অবস্থান করছে। ফলে বাংলাদেশের বিপক্ষে হারলে ম্যাচ ফি থেকে জরিমানা গুনবে শ্রীলঙ্কার ক্রিকেটাররা। তবে শীর্ষ চারের দল না হওয়া টাইগারদের সঙ্গে জিতলে মিলবে না বোনাস।

এমআই