ইংল্যান্ড সফরে দুই টেস্ট খেলবে বাংলাদেশ!
খেলা ডেস্ক
১০ নভেম্বর ২০২৬, ১২:০৮
বাংলাদেশের ইংল্যান্ড সফরটা এবার শুধুই লর্ডস টেস্টে সীমাবদ্ধ থাকছে না। ঐতিহাসিক লর্ডসে স্বাগতিকদের মুখোমুখি হওয়ার আগে আয়ারল্যান্ডের বিপক্ষেও একটি টেস্ট খেলবে টাইগাররা। ফলে আগামী বছরের মে মাসের সফরে বাংলাদেশের ম্যাচের সংখ্যা বাড়ছে, সঙ্গে বাড়ছে ইংল্যান্ডের কন্ডিশনে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগও।
সফরের শুরুটা হবে চেমসফোর্ডে। সেখানে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলার পর লর্ডসে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। দুই টেস্টের আগে প্রস্তুতির জন্য একটি তিন বা চার দিনের ম্যাচ খেলার পরিকল্পনাও রয়েছে। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলার বিষয়টি বিসিবি সূত্রে জানা গেছে।
আইসিসির ভবিষ্যৎ সফরসূচিতে বাংলাদেশের এই ইংল্যান্ড সফর ছিল না। আগামী বছর ঘরের মাঠে অ্যাশেজকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট খেলার প্রস্তাব দেয় ইংল্যান্ড। সেই প্রস্তাবে রাজি হয় বিসিবি। তবে শুধু একটি টেস্ট খেলেই ইংল্যান্ড সফর শেষ করতে চায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
লর্ডসে খেলার আমন্ত্রণ পাওয়ার পরই সফরে আরও ম্যাচ যুক্ত করার উদ্যোগ নেয় বিসিবি। আগামী বছরের বিশ্বকাপের প্রস্তুতির কথা মাথায় রেখে ইসিবির কাছে দুটি বা তিনটি ওয়ানডে খেলার প্রস্তাবও দেওয়া হয়েছিল। তবে সেই আলোচনা সফল হয়নি। ভবিষ্যতে ওয়ানডে আয়োজনের আশ্বাস দিয়েই আপাতত আলোচনা শেষ করেছে ইসিবি।
এরপর আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করে বিসিবি। সেই উদ্যোগেই মিলেছে সাফল্য। ফলে লর্ডসের মর্যাদাপূর্ণ টেস্টের আগে চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। চেমসফোর্ডের মাঠটি এসেক্স কাউন্টি দলের। ২০২৩ সালে এই মাঠেই আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ।
তবে ভেন্যুটিতে এখন পর্যন্ত ছয়টি ওয়ানডে অনুষ্ঠিত হলেও কোনো টেস্ট ম্যাচ হয়নি। আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টেস্ট অভিজ্ঞতাও খুব বেশি নয়। এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে দুটি টেস্ট হয়েছে মিরপুরে, অন্যটি সিলেটে।