১৫০ টাকায় দেখা যাবে টি-টোয়েন্টি ম্যাচ
খেলা ডেস্ক
২৩ এপ্রিল ২০২৬, ২১:৩৫
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের উত্তাপ ছড়িয়েছে মাঠে, আর সেই উত্তাপ এবার ছুঁতে যাচ্ছে টি-টোয়েন্টি সংস্করণেও। চট্টগ্রাম পর্বের প্রথম দুই ম্যাচ সামনে রেখে টিকিটের মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মাত্র ১৫০ টাকাতেই গ্যালারিতে বসে উপভোগ করা যাবে ম্যাচ।
ওয়ানডে সিরিজ শেষে শুরু হবে টি-টোয়েন্টি লড়াই। চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম দুই ম্যাচের জন্য টিকিটের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ১৫০ টাকা, যা ওয়ানডের তুলনায় কিছুটা কম। এই দামে পাওয়া যাবে সাগরিকার ইস্টার্ন গ্যালারির টিকিট।
এছাড়া ওয়েস্টার্ন গ্যালারিতে বসে খেলা দেখতে খরচ করতে হবে ২৫০ টাকা। শহীদ শ্রাবণ স্ট্যান্ড ও শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা করে।
যারা একটু বাড়তি আরাম ও ভালো ভিউ চান, তাদের জন্যও রয়েছে বিকল্প। গ্র্যান্ড স্ট্যান্ড ইস্ট ও ওয়েস্ট, পাশাপাশি রুফ টপ ইস্ট ও ওয়েস্ট প্যাভিলিয়ন এন্ড—এই প্রিমিয়াম আসনগুলোর টিকিট মূল্য রাখা হয়েছে ১৫০০ টাকা।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেনেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম দুটি টি-টোয়েন্টি, ২৭ ও ২৯ এপ্রিল। দুই ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। এরপর সিরিজের শেষ ম্যাচের জন্য দুই দল যাবে ঢাকায়। ২ মে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে শেষ টি-টোয়েন্টি।
এমআই