দুভার্গ্যের দিনেও মোস্তাফিজের ঝলক
খেলা ডেস্ক
১১ এপ্রিল ২০২৬, ১৭:৪০
নিশ্চিত উইকেট পাওয়ার মতো বল, কিন্তু সেই বলে বেশি ইফোর্ট দিতে গিয়ে ক্যাচ মিস করলেন সিকান্দার রাজা। এমনকি উইকেট পাওয়ার বলকে পরিণত করলেন ছক্কায়। তাতে দুর্দান্ত শুরু স্পেলটা হলো ব্যয়বহুল। বিষয়টাকে আমলে না নিয়ে আপন গতিতে মোস্তাফিজ। চতুর্থ বলটা করেছেন লো ফুলটস। ফ্লিক শট খেলতে গিয়ে মিড উইকেটে ধরা পড়লেন ব্রাসওয়েল। অন্য কেউ হলে হয়তো বলটা ছক্কাই হতো, কিন্তু মোস্তাফিজের স্লোয়ারেই উইকেট হারাতে বাধ্য হয়েছেন এই কিউই অলরাউন্ডার।
ওভারের পঞ্চম বলটা করেছেন স্লোয়ার বাউন্সার। হার্ড হিটিং করেও এমন বলে ছক্কা মারা দায়। পুরো শক্তি দিয়ে জোরালে শট খেলতে গিয়ে বল মিস করলেন আমির জামাল। ডেথ ওভারে ডট বল দেওয়া ব্যাটারের জন্য চাপের বিষয়। কিন্তু মোস্তাফিজ তো ডট বলের কিং। ডেথ ওভারে প্রায় হাজারের মতো বল ডট করেছেন। ব্যক্তিগত শেষ বলটাও করেছেন স্লোয়ার। লেন্থ থেকে লাফিয়ে ওঠা বলটাকেও গায়ের জোরে খেলতে গেলেন জামাল। ব্যাটের কানায় লেগে আকাশে ওঠা বলটা সহজেই তালুবন্দী করেছেন শফিক।
ব্যক্তিগত বোলিং কোটা শেষে মোস্তাফিজের স্পেল ৪-০-৩০-২। অথচ রানটা আরও কম হতে পারতো। বাড়তো উইকেটের সংখ্যাটাও। ১৯তম ওভারে সিকান্দার রাজা যেই ক্যাচটা ছেড়েছেন, সেটা অমার্জনীয় ভুল। আন্তর্জাতিক ক্রিকেট খেলে এমন ক্যাচ ছাড়া বেমানানই বটে। এছাড়া ব্যক্তিগত তৃতীয় ওভারেও আরেকটি উইকেট পেতে পারতেন মোস্তাফিজ। হাওয়ায় ভাসা বাবরের সেই ক্যাচটা প্রায় ধরেই ফেলেছিলেন শাহিন আফ্রিদি। কেবল বলের স্থিতি ঠিক রাখতে না পারায় মিস হয়েছে সেটা।
শরিফুল-নাহিদদের বিপক্ষে কম খরুচে বোলারদের একজন মোস্তাফিজ। পাশাপাশি ডেথ ওভারে তার থেকে নিয়মিত সেরাটাই আদায় করছে লাহোর কালান্দার্স। মিতব্যয়ী বোলিংয়ের পাশাপাশি দলকে এনে দেন প্রয়োজনীয় উইকেট। নিউজিল্যান্ড সিরিজের আগে এটাই মোস্তাফিজের শেষ ম্যাচ। আজ বা কাল বাংলাদেশের বিমান ধরবেন তিনি। বর্তমানে বল হাতে হট ফর্মে থাকা মোস্তাফিজের ধারাবাহিকতা থাকুক কিউই সিরিজে। তাতে সবচেয়ে বেশি লাভবান হবে বাংলাদেশ।
এমআই