একদিন পরই বদলে গেল বিসিবির মুখপাত্র
খেলা ডেস্ক
০৮ এপ্রিল ২০২৬, ২২:৪৩
ঘোষণার ২৪ ঘণ্টা পেরোতেই বদলে গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মুখপাত্রের সিদ্ধান্ত। নতুন কমিটির প্রথম বৈঠকে যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, দ্বিতীয় বৈঠকেই তিনি সরে দাঁড়ালেন। ফলে নতুন মুখপাত্র কে হবেন, তা এখনো ঘোষণা করতে পারেনি তামিমের বোর্ড।
সম্প্রতি জাতীয় ক্রীড়া পরিষদের সিদ্ধান্তে সাবেক বোর্ড ভেঙে দিয়ে তামিম ইকবালে নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়। প্রথম সভা শেষে তামিম জানিয়েছিলেন, বোর্ডের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন তানজিল চৌধুরী। তবে বুধবার দ্বিতীয় সভায় সেই সিদ্ধান্তে আসে পরিবর্তন।
তামিম জানান, ব্যক্তিগত ব্যস্ততার কারণে তানজিল নিজেই এই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর অনুরোধ করেছেন। তামিম বলেন, ‘তিনি (তানজিল চৌধুরী) খুব ব্যস্ত মানুষ। তাই তার জায়গায় অন্য কাউকে দায়িত্ব দিলে ভালো হয় এমনটাই তিনি বলেছেন। খুব শিগগিরই নতুন মুখপাত্রের নাম জানানো হবে।’
এদিকে একই সভায় বোর্ডের বিভিন্ন কমিটির দায়িত্ব ভাগ করে দেওয়া হলেও মিডিয়া কমিটির চেয়ারম্যানের নাম এখনও প্রকাশ করা হয়নি। জানা গেছে, যিনি মুখপাত্র হবেন, তিনিই মিডিয়া কমিটির দায়িত্বও সামলাবেন। এছাড়া ক্রিকেট অপারেশনসের দায়িত্বে নেই কোনো সদস্য।
উল্লেখ্য, বোর্ডের সঙ্গে গণমাধ্যমের যোগাযোগ সহজ করতে একক মুখপাত্র রাখার সিদ্ধান্ত নিয়েছিল নতুন কমিটি। তবে সেই পরিকল্পনাই প্রথম ধাপে এসে বদলে গেল।
এমআই