Advertisement
Us Bangla Airlines
সিলেটের ইথান ব্রুকসসহ মোস্তাফিজের দলে আছেন যারা

সিলেটের ইথান ব্রুকসসহ মোস্তাফিজের দলে আছেন যারা

খেলা ডেস্ক

১৩ মার্চ ২০২৬, ১২:৩৮

ইংল্যান্ডের ব্যতিক্রমী ফ্র্যাঞ্চাইজি লিগ দ্য হান্ড্রেডের নতুন মৌসুমে দল পেয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। এক লাখ পাউন্ড স্টার্লিংয়ে (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৬৪ লাখ) তাকে দলে ভিড়িয়েছে বার্মিংহাম ফিনিক্স। এর মাধ্যমে এই টুর্নামেন্টে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি ক্রিকেটার হিসেবে খেলতে যাচ্ছেন তিনি।

নিলামের তৃতীয় ও শেষ ধাপে ওঠে মোস্তাফিজের নাম। তার জন্য একমাত্র বিড করে বার্মিংহাম ফিনিক্স। ফলে খুব সহজেই ৩০ বছর বয়সী এই বাঁহাতি পেসারকে নিজেদের দলে পেয়ে যায় দলটি। আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কাটার আর নিখুঁত লাইন-লেন্থের জন্য পরিচিত মোস্তাফিজ এবারই প্রথম ১০০ বলের এই টুর্নামেন্টে খেলবেন।

এর আগে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন এই পেসার। ভারতের আইপিএল, পাকিস্তানের পিএসএল, সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টি এবং শ্রীলঙ্কার লঙ্কান প্রিমিয়ার লিগে খেলেছেন তিনি। এছাড়া ইংল্যান্ডের কাউন্টিতেও খেলছেন এই টাইগার পেসার।

পিএসএলে দামি ১০ ক্রিকেটারের তালিকায় মোস্তাফিজ

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও বাংলাদেশের অন্যতম সফল বোলার মোস্তাফিজ। ১২৬ ম্যাচে তার শিকার ১৫৮ উইকেট, যা পেসার হিসেবে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ। পাশাপাশি স্বীকৃত টি-টোয়েন্টিতে ৩২০ ইনিংসে ৪১২ উইকেট শিকার করেছেন কাটার মাস্টার। বর্তমানে বাংলাদেশ দলের হয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছেন তিনি।

এদিকে নিলামে শক্তিশালী দল গড়েছে বার্মিংহাম ফিনিক্স। সেই দলে আছেন বিপিএলে সিলেটের হয়ে আলোড়ন তোলা ইথান ব্রুকস। তার অলরাউন্ড পারফরম্যান্স ইতোমধ্যেই নজর কেড়েছে অনেকের। এছাড়া পাকিস্তানের রহস্যময় স্পিনার উসমান তারিককেও দলে নিয়েছে মোস্তাফিজের বার্মিংহাম ফিনিক্স।

মোস্তাফিজের সতীর্থদের তালিকায় আরও আছেন জ্যাকব বেথেল, রেহান আহমেদ, ডোনাভান ফেরেইরা, মিচেল ওয়েন, সাকিব মাহমুদ, জো ক্লার্ক, উইল স্মিথ, জর্ডান থম্পসন, স্কট কুরি, লরি ইভান্স ও ক্রিস উড। বিপিএলে রাজশাহী ও ঢাকার হয়ে খেলেছেন ব্যাটিং অলরাউন্ডার লরি ইভান্স।

একনজরে বার্মিংহাম ফিনিক্স স্কোয়াড

জ্যাকব বেথেল (৩ লাখ ৪০ হাজার পাউন্ড স্টার্লিং), রেহান আহমেদ (২ লাখ ৫০ হাজার পাউন্ড স্টার্লিং), ডোনাভান ফেরেইরা (২ লাখ ১০ হাজার পাউন্ড স্টার্লিং), মিচেল ওয়েন (১ লাখ ৩০ হাজার পাউন্ড স্টার্লিং), সাকিব মাহমুদ (১ লাখ ৫০ হাজার পাউন্ড স্টার্লিং), উসমান তারিক (১ লাখ ৪০ হাজার পাউন্ড স্টার্লিং), মোস্তাফিজুর রহমান (১ লাখ পাউন্ড স্টার্লিং), জো ক্লার্ক (৮৫ হাজার পাউন্ড স্টার্লিং), উইল স্মিড (৫৫ হাজার পাউন্ড স্টার্লিং), জর্ডান থম্পসন (৬০ হাজার পাউন্ড স্টার্লিং), স্কট কুরি (২ লাখ ১০ হাজার পাউন্ড স্টার্লিং), লরি ইভান্স (৮৫ হাজার পাউন্ড স্টার্লিং), ক্রিস উড (৭০ হাজার পাউন্ড স্টার্লিং), ইথান ব্রুকস (৭০ হাজার পাউন্ড স্টার্লিং) ।

এমআই