Advertisement
Us Bangla Airlines
পিএসএলে দামি ১০ ক্রিকেটারের তালিকায় মোস্তাফিজ

পিএসএলে দামি ১০ ক্রিকেটারের তালিকায় মোস্তাফিজ

খেলা ডেস্ক

১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৭

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নতুন মৌসুম শুরু হতে এখনও সময় আছে। আগামী ২৬ মার্চ মাঠে গড়াবে এবারের আসর। কিন্তু তার আগেই নিলামের উত্তাপ ছড়িয়ে পড়েছে ক্রিকেট দুনিয়ায়। আর সেই উত্তাপেই দামি ১০ ক্রিকেটারের তালিকায় জায়গা করে নিয়ে আলো ছড়ালেন বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান।

গত বুধবার (১১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নিলামে বিক্রি হয়েছেন ১০৩ ক্রিকেটার। রিটেইন ও সরাসরি চুক্তিসহ এবার বিভিন্ন দলে সুযোগ পেয়েছেন মোট ১৪১ জন ক্রিকেটার। তার মধ্যেই সবচেয়ে বড় চমকগুলোর একটি মোস্তাফিজের দাম। সরাসরি চুক্তিতে টাইগার পেসারকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স।

এবারের আসরে সবচেয়ে দামি ক্রিকেটার স্টিভেন স্মিথ। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ককে সরাসরি চুক্তিতে ১৪ কোটি পাকিস্তানি রুপিতে দলে ভিড়িয়েছে শিয়ালকোট স্ট্যালিয়ন্স, যা এবারের আসরের কোনো ক্রিকেটারের সর্বোচ্চ দাম।

দামি তালিকায় দ্বিতীয় স্থানে নাসিম শাহ। তাকে ৮.৬৫ কোটি রুপিতে দলে নিয়েছে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। ৮.৫ কোটিতে ইসলামাবাদ ইউনাইটেডে গেছেন ফাহিম আশরাফ। ৮.০৫ কোটি রুপিতে রাওয়ালপিন্ডির হয়ে খেলবেন কিউই অলরাউন্ডার ড্যারিল মিচেল।

পাঁচ নম্বরে ফখর জামান, লাহোর কালান্দার্স তাকে নিয়েছে ৭.৯৫ কোটিতে। এরপর রয়েছেন ডেভিড ওয়ার্নার (৭.৯ কোটি), হারিস রউফ (৭.৬ কোটি), মার্ক চ্যাপম্যান (৭ কোটি), খাজা নাফে (৬.৫ কোটি) ও মঈন আলি (৬.৪৪ কোটি)। এই তারকাখচিত তালিকার শেষ নামটি বাংলাদেশের মোস্তাফিজুর রহমানের।

৬.৪৪ কোটি পাকিস্তানি রুপিতে তাকে দলে ভিড়িয়েছে লাহোর। কাটার-মাস্টারের দামে বোঝাই যায়, বৈশ্বিক টি-টোয়েন্টি মঞ্চে এখনও তার চাহিদা অটুট।

এমআই