Advertisement
Us Bangla Airlines
নির্বাচনে ভোট দেবেন না মেসি

নির্বাচনে ভোট দেবেন না মেসি

খেলা ডেস্ক

১০ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৪১

বার্সেলোনার রাজনীতিতে শুরু হয়েছে নতুন অধ্যায়, কিন্তু সেই অধ্যায়ে থাকছেন না ক্লাবের ইতিহাসের সবচেয়ে বড় নামটি। সভাপতি জোয়ান লাপোর্তার পদত্যাগের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া বার্সেলোনা সভাপতি নির্বাচনে ভোট দেবেন না লিওনেল মেসি, এমনটাই জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম।

লাপোর্তা আবারও সভাপতি পদে প্রার্থী হয়েছেন। তাঁর বিপক্ষে লড়ছেন ভিক্টর ফন্ট। ফলে নির্বাচন ঘিরে উত্তাপ ছড়ানো স্বাভাবিক। সেই উত্তাপে ঘি ঢালতে পারতেন সাবেক ও বর্তমান তারকারা। সাবেক কোচ জাভি হার্নান্দেজ ইতিমধ্যে প্রকাশ্যে ফন্টের পক্ষে অবস্থান নিয়েছেন। কিন্তু মেসি? তিনি বেছে নিয়েছেন নীরবতার পথ।

ডিয়ারিও স্পোর্ট এর প্রতিবেদনে বলা হয়েছে, বার্সেলোনা নির্বাচন নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন আর্জেন্টাইন মহাতারকা। তিনি এই নির্বাচনে ভোট দেবেন না, এমনকি কোনোভাবেই নির্বাচনী প্রক্রিয়ায় প্রভাব ফেলবেন না। খবরটি নিশ্চিত করেছে ইয়াহু স্পোর্টসও।

প্রতিবেদন অনুযায়ী, মেসি প্রভাবশালী ভিক্টর ফন্টসহ কোনো প্রার্থীর সঙ্গেই সাক্ষাৎ করবেন না। যদিও ফন্ট প্রকাশ্যে জানিয়েছেন, নির্বাচনে জয়ী হলে প্রথম ফোনটাই করবেন মেসিকে। তবু মেসির সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসেনি।

লাপোর্তার সঙ্গে মেসির সম্পর্ক বর্তমানে কার্যত বিচ্ছিন্ন, এ কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তা সত্ত্বেও এবার ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মেসি, যা অতীতের তুলনায় বড় পরিবর্তন। কারণ এর আগে বার্সেলোনার নির্বাচনে নিয়মিত অংশ নিয়েছেন তিনি, দিয়েছেন নিজের ভোটও।

বর্তমানে ইন্টার মায়ামির হয়ে যুক্তরাষ্ট্রে খেলছেন মেসি। ক্লাব ও ব্যক্তিগত জীবনের ব্যস্ততাই এই সিদ্ধান্তের প্রধান কারণ বলে মনে করা হচ্ছে। পাশাপাশি তিনি ভালোভাবেই জানেন, তার সামান্য ইঙ্গিত বা মন্তব্যও নির্বাচনের ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে। সে কারণেই কোনো প্রার্থীর নাম নিয়েও মন্তব্য করতে চান না তিনি।

এমআই