Advertisement
Us Bangla Airlines
জাতীয় দলে না খেলা ক্রিকেটারকে অধিনায়ক বানাল নোয়াখালী

জাতীয় দলে না খেলা ক্রিকেটারকে অধিনায়ক বানাল নোয়াখালী

খেলা ডেস্ক

২৫ ডিসেম্বর ২০২৫, ১৮:৪০

আগামীকাল থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। টুর্নামেন্ট শুরুর ঠিক এক দিন আগে অধিনায়কের নাম ঘোষণা করে চমক দিল নোয়াখালী এক্সপ্রেস। দলের নেতৃত্বে থাকছেন ৩২ বছর বয়সী সৈকত আলী, যিনি এখনো পর্যন্ত জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর সুযোগ পাননি।

নোয়াখালীর জন্য এটি বিপিএলে প্রথম অংশগ্রহণ হলেও সৈকত আলীর জন্য মঞ্চটা একেবারে নতুন নয়। এর আগে বিপিএলে চারটি ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন এই অলরাউন্ডার। কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স—সব মিলিয়ে টুর্নামেন্টে তাঁর অভিজ্ঞতা কম নয়।

মিডল অর্ডারে ব্যাটিংয়ের পাশাপাশি কার্যকর মিডিয়াম পেসে বল করাও সৈকতের বড় শক্তি। দলের ভারসাম্য রক্ষায় এই বহুমুখিতা নোয়াখালীর জন্য বাড়তি পাওয়া হতে পারে। তবে নেতৃত্বের ক্ষেত্রে তাঁর অভিজ্ঞতা নেই বললেই চলে। কখনোই কোনো দলের অধিনায়কত্ব করেননি সৈকত।

এমনকি বিপিএলের সর্বশেষ আসরে দলই পাননি তিনি। সেখান থেকেই এবার সরাসরি অধিনায়কত্ব, নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জ। অবশ্য অধিনায়কত্বের দৌড়ে সৈকত একমাত্র নাম ছিলেন না। সম্ভাব্য তালিকায় ছিলেন সৌম্য সরকার, জনসন চার্লস, মাহিদুল ইসলাম অঙ্কন ও মোহাম্মদ নবীরা।

পরিসংখ্যানের দিকে তাকালে বিপিএলে এখন পর্যন্ত ২৫ ম্যাচ খেলেছেন সৈকত আলী। ব্যাট হাতে করেছেন ৩৯১ রান, গড় ১৬, স্ট্রাইক রেট ১১৯। বল হাতে ৮ ইনিংসে শিকার করেছেন ৩ উইকেট। জাতীয় দলে না খেলা এক ক্রিকেটারের কাঁধে অধিনায়কত্বের দায়িত্ব তুলে দিয়ে নোয়াখালী যে সাহসী সিদ্ধান্ত নিয়েছে, তা মাঠের পারফরম্যান্সেই বিচার হবে।

এমআই