Advertisement
Us Bangla Airlines
জয় দিয়ে বিগ ব্যাশে যাত্রা শুরু করলেন রিশাদ

জয় দিয়ে বিগ ব্যাশে যাত্রা শুরু করলেন রিশাদ

খেলা ডেস্ক

১৬ ডিসেম্বর ২০২৫, ১৮:৩৪

রুদ্ধশ্বাস লড়াই, শেষ বলের আগে নিশ্চিত হলো জয়। এভাবেই বিগ ব্যাশ লিগে নিজেদের অভিযান শুরু করল রিশাদ হোসেনের হোবার্ট হারিকেন্স। আসরের প্রথম ম্যাচে সিডনি থান্ডারকে ৪ উইকেটে হারিয়ে দুর্দান্ত জয় তুলে নেয় হোবার্ট। অভিষেক ম্যাচে বল হাতে নিয়ন্ত্রিত বোলিংয়ে দলের জয়ে অবদান রাখেন বাংলাদেশের লেগস্পিনার রিশাদ হোসেন।

মঙ্গলবার ওভালে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় হোবার্ট। ইনিংসের পঞ্চম ওভারে বোলিংয়ে এসে আঁটসাঁট শুরু করেন রিশাদ। প্রথম ওভারে দেন মাত্র ৬ রান। সপ্তম ওভারে আরও কিপটে, খরচ করেন ৪ রান। প্রথম দুই ওভারে ১০ রান দিয়ে ব্যাটারদের চাপে রাখেন তিনি।

১৩তম ওভারে ফের বোলিংয়ে এসে একটি চার হজম করলেও ওভার শেষ করেন ৮ রানে। তিন ওভারে মোট ১৮ রান দিয়ে উইকেটশূন্য থাকেন রিশাদ, এরপর আর তাকে আক্রমণে আনেনি হোবার্ট। তবে রিশাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে অন্য প্রান্তে উইকেটের দেখা পেয়েছে নাথান ইলিসের দল।

এদিকে সিডনি থান্ডারের হয়ে ক্যামেরন ব্যানক্রাফট খেলেন ৪৪ বলে ৬১ রানের দায়িত্বশীল ইনিংস। শাদাব খান করেন ২৪ বলে ৩৪ রান, আর শেষ দিকে ড্যানিয়েল সামসের ১১ বলে ২৩ রানে লড়াইয়ের পুঁজি পায় থান্ডার। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮০ রান তোলে তারা।

হোবার্টের হয়ে বিলি স্টেনলেক নেন ৩ উইকেট, ক্রিস জর্ডান ও নাথান এলিস শিকার করেন ২ ও ১টি করে উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে ঝড়ো শুরু পায় হোবার্ট। ওপেনিংয়ে মিচেল ওয়েন ও নিখিল চৌধুরীর ব্যাটে আসে দ্রুত রান। ১৪ বলে ৩২ রানের বিধ্বংসী ইনিংস খেলে ফেরেন ওয়েন। পাওয়ারপ্লেতেই বিনা উইকেটে ৪৭ রান তোলে হারিকেন্স। নিখিল থামেন ৩১ বলে ৪১ রান করে, বেন ম্যাকডারমট করেন ২৪ বলে ৩৮ রান।

মাঝের ওভারে টিম ডেভিডের ৯ বলে ১৭ রানের ক্যামিও এবং ম্যাথু ওয়েডের কার্যকরী ব্যাটিংয়ে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে রাখে হোবার্ট। শেষদিকে নাটক বাড়লেও জয় ধরা দেয় হাতের মুঠোয়। শেষ দুই ওভারে দরকার ছিল ১৩ রান। ১৯তম ওভারে ওয়েড আউট হলেও কাজ সহজ করে দেন নাথান এলিস ও ক্রিস জর্ডান।

শেষ ওভারে দরকার ছিল মাত্র ৪ রান। নো বলের সুবিধায় আরও সহজ হয়ে যায় সমীকরণ। শেষ পর্যন্ত এক বল হাতে রেখেই ৪ উইকেটের জয় নিশ্চিত করে হোবার্ট হারিকেন্স। ১৩ বলে ১৬ রান করে অপরাজিত ছিলেন ম্যাচসেরা ক্রিস জর্ডান, অধিনায়ক নাথান এলিস অপরাজিত থাকেন ৫ রানে।

এমআই