বিগ ব্যাশে রিশাদের খেলা কবে-কখন, দেখবেন কোথায়
খেলা ডেস্ক
১০ ডিসেম্বর ২০২৫, ২১:৪১
বিগ ব্যাশ লিগে (বিবিএল) খেলার অপেক্ষায় আর কয়েকদিন। বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন এবার নামছেন অস্ট্রেলিয়ার জনপ্রিয় টি-টোয়েন্টি আসরে। হোবার্ট হারিকেনসের হয়ে খেলতে তিনি ইতোমধ্যে দেশ ছেড়েছেন। গত মৌসুমেও একই দলের ডাকে সাড়া দিয়েছিলেন রিশাদ, কিন্তু তখন অনাপত্তিপত্র না পাওয়ায় যাওয়া হয়নি।
এবার আগেভাগেই মিলেছে ছাড়পত্র, তাই তার বিগ ব্যাশ অভিষেক প্রায় নিশ্চিত। হোবার্ট তাদের বিদেশি কোটায় তিন ক্রিকেটার রেখেছে। রিশাদের সঙ্গে আছেন ইংল্যান্ডের অভিজ্ঞ পেসার ক্রিস জর্ডান এবং তরুণ লেগ স্পিনার রেহান আহমেদ। টানা দুই মৌসুমে জর্ডানের ওপর ভরসা রেখেছে দলটি, গতবার চ্যাম্পিয়ন হওয়ার পথে তিনি নিয়েছিলেন ৭ উইকেট।
রেহানকে নিয়েছে ড্রাফটের চতুর্থ রাউন্ডে, আর রিশাদকে ডাকা হয়েছে দ্বিতীয় কলে। দুজন লেগ স্পিনার দলে নেওয়ার অর্থ, স্পিন আক্রমণে বিশেষ পরিকল্পনাই সাজিয়েছে হোবার্ট হারিকেনস।
বিগ ব্যাশের নতুন মৌসুম শুরু হচ্ছে ১৪ ডিসেম্বর। হোবার্ট হারিকেনস প্রথম মাঠে নামবে ১৬ ডিসেম্বর, প্রতিপক্ষ সিডনি থান্ডার। বিদেশিদের মধ্যে একাদশে সুযোগ থাকে সর্বোচ্চ তিন জনের, তাই রিশাদ প্রথম ম্যাচ থেকেই সুযোগ পাবেন কি না সেটাই এখন দেখার বিষয়।
বাংলাদেশে বিগ ব্যাশের ম্যাচগুলো সাধারণত টি-স্পোর্টসসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে সম্প্রচারিত হয়। এবার টি-স্পোর্টস সম্প্রচার করবে কি না, তা নিয়ে জানা যায়নি। তবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক ও বিগ ব্যাশের ইউটিউব চ্যানেলে এই ম্যাচ দেখা যাবে।
বিগব্যাশে রিশাদের ম্যাচ যেদিন
| তারিখ | ম্যাচ | সময় |
|---|---|---|
| ১৬ ডিসেম্বর | হোবার্ট হারিকেনস vs সিডনি থান্ডার | দুপুর ২:১৫ |
| ১৮ ডিসেম্বর | হোবার্ট হারিকেনস vs মেলবোর্ন স্টার্স | দুপুর ২:১৫ |
| ২১ ডিসেম্বর | হোবার্ট হারিকেনস vs মেলবোর্ন রেনেগেডস | দুপুর ২:১৫ |
| ২৬ ডিসেম্বর | হোবার্ট হারিকেনস vs পার্থ স্কোরচার্স | বিকাল ৪:১৫ |
| ২৯ ডিসেম্বর | হোবার্ট হারিকেনস vs মেলবোর্ন রেনেগেডস | দুপুর ২:১৫ |
| ১ জানুয়ারি | হোবার্ট হারিকেনস vs পার্থ স্কোরচার্স | দুপুর ২:১৫ |
| ৩ জানুয়ারি | হোবার্ট হারিকেনস vs সিডনি থান্ডার | দুপুর ২:১৫ |
| ৯ জানুয়ারি | হোবার্ট হারিকেনস vs অ্যাডিলেড স্ট্রাইকার্স | দুপুর ২:১৫ |
| ১১ জানুয়ারি | হোবার্ট হারিকেনস vs সিডনি সিক্সার্স | সকাল ৯:০৫ |
| ১৪ জানুয়ারি | হোবার্ট হারিকেনস vs ব্রিসবেন হিট | দুপুর ২:১৫ |
এমআই