৩ লাল কার্ডের ম্যাচে ফলাফলে সমতা রাখল বাংলাদেশ
খেলা ডেস্ক
০৮ ডিসেম্বর ২০২৫, ২২:৫৭
লাতিন-বাংলা সুপার কাপে আর্জেন্টিনার প্রতিনিধিত্বকারী আতলেতিকো চার্লোনের বিপক্ষে দারুণ লড়াই করে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশের রেড গ্রিন ফিউচার স্টার। সোমবার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতার দ্বিতীয় ও শেষ ম্যাচটিতে উত্তেজনা, সংঘাত আর গোল; সবই ছিল টানটান।
ম্যাচের শুরুতেই আর্জেন্টিনার দলকে চমকে দেয় বাংলাদেশ। চতুর্থ মিনিটে অফসাইড ফাঁদ ভেঙে বেরিয়ে নিখুঁত শটে দলকে এগিয়ে নেন মাসুদ রানা। প্রতিপক্ষের জোরালো অফসাইড দাবিতে কর্ণপাত করেননি রেফারি। তবে লিড বেশিক্ষণ টিকে থাকেনি।
দ্বিতীয়ার্ধের শুরুতে দৃষ্টিনন্দন গোল করে আর্জেন্টিনার দলকে সমতায় ফেরান সামিয়েন্তো। ডান দিক থেকে নেওয়া তার শট সতীর্থের পায়ের ফাঁক গলে কাছের পোস্ট দিয়ে জালে ঢুকে যায়—রেড গ্রিনের ডিফেন্ডাররা তখন শুধু হতবাক হয়ে তাকিয়ে থাকা ছাড়া কিছুই করতে পারেননি।
৭৬ মিনিটে ম্যাচটি উত্তেজনার চূড়ায় পৌঁছায়। দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি বড় আকার ধারণ করলে তিন ফুটবলারকে লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে পাঠান রেফারি। আর্জেন্টিনার দেভিদ বেভজিনি ও মাতিয়াস রোসালেস আর বাংলাদেশের ইশান হাবিব রেদোয়ান লাল কার্ড দেখেন।
শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ম্যাচটি ১–১ সমতায় শেষ হয়। এর আগে প্রথম ম্যাচে ব্রাজিলের সাও বার্নার্দোর কাছে ৪–০ গোলে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল রেড গ্রিন ফিউচার স্টার। দুই ম্যাচেই আয়োজনে নানা অব্যবস্থাপনা চোখে পড়েছে।
কাফু ও ক্যানিজিয়াকে আনার প্রতিশ্রুতি থাকলেও এখন তা নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। ফলে সমালোচনার মুখে পড়েছেন আয়োজকেরা। তবে মাঠের লড়াইয়ে বাংলাদেশের তরুণরা দেখাল জেদ, ছাপ রেখে গেল লড়াকু পারফরম্যান্সে।
এমআই