ক্যাম্পে কী শিখছেন টাইগাররা, জানালেন তামিম
খেলা ডেস্ক
০৮ ডিসেম্বর ২০২৫, ২১:৫০
আইসিসির বড় ইভেন্টে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি, এ কথা স্বীকার করতেই লজ্জা করেন না তানজিদ হাসান তামিম। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর চলতি বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ছিল না তামিমের কাঙ্ক্ষিত ঝলক। মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজেই বললেন সেসব হতাশার কথা।
তামিমের সরল স্বীকারোক্তি— ‘আমি সফল নই। আমার সামর্থ্য অনুযায়ী আইসিসি ইভেন্টে খেলতে পারিনি। এশিয়া কাপেও না। শেষ কয়েকটা সিরিজে ধারাবাহিক আছি। চেষ্টা থাকবে যেন এই ধারাবাহিকতা আইসিসি ইভেন্টেও ধরে রাখতে পারি।’
বিপিএলের আগে চলমান বিশেষ ব্যাটিং ক্যাম্পকে বেশ কাজে দিচ্ছে বলে মনে করেন তিনি। সময়ের স্বল্পতা আর ব্যাটিংয়ের নির্দিষ্ট ঘাটতিগুলো দূর করতে এই ক্যাম্পের গুরুত্ব আলাদা। তামিমের ভাষায়— ‘খুব ভালো যাচ্ছে ক্যাম্প। বিপিএলের পরে এতটা সময় পাব না।’
বিসিবিকে সাধুবাদ জানিয়ে আরও বলেন, ‘এমন স্পেসিফিক ব্যাটিং ক্যাম্প খুব কম হয়। শেষ কয়েকটি সিরিজে কোথায় অতিরিক্ত দক্ষতার ঘাটতি ছিল, সেগুলো নিয়েই কাজ করছি।’
বিশেষত প্রতিপক্ষের পরিকল্পনা ভেঙে দেওয়ার জন্য ব্যাটসম্যানরা কোন পরিস্থিতিতে কোন শট খেলবেন, পাওয়ার প্লেতে কীভাবে গ্যাপ বের করবেন—এসব জায়গায় দারুণ গুরুত্ব দিচ্ছে কোচিং স্টাফ। এসব বিষয়েও কথা বলেছেন টাইগার ওপেনার।
তামিম বলেন, ‘বিশ্বকাপে প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে কী পরিকল্পনা করবে, কোন বোলার কোন গ্যাপে আক্রমণ করবে—এসব নিয়েও কাজ হচ্ছে। বিশেষ করে পাওয়ার প্লেতে কীভাবে খেলবো, কোচেরা সেই জায়গায় বারবার জোর দিচ্ছেন।’
এমআই