রাজশাহীর সমর্থকদের সুখবর দিলেন কোচ হান্নান সরকার
খেলা ডেস্ক
০৮ ডিসেম্বর ২০২৫, ২০:৫৭
বিপিএল শুরুর আগেই রাজশাহী ওয়ারিয়র্স শিবিরে ছড়িয়ে পড়েছে আনন্দের হাওয়া। সমর্থকদের জন্য বড় সুখবর জানালেন দলের হেড কোচ হান্নান সরকার। দলের সব পাকিস্তানি ক্রিকেটারই পাচ্ছেন এনওসি, আর তাই বিপিএলের প্রথম দিন থেকেই তাদের মাঠে দেখা যাবে।
নিলামে দারুণ পরিকল্পনা আর ঠাণ্ডা মাথার সিদ্ধান্তে যেভাবে নজর কেড়েছিলেন হান্নান। এবারও একই আত্মবিশ্বাসে জানালেন সুসংবাদ। নিজের ফেসবুক পেইজে দেওয়া ভিডিও বার্তায় তিনি বলেন, ‘নওয়াজ, তালাত, ফারহান—জাতীয় দলের এই ৩ খেলোয়াড়সহ জাহানদাদ সবাই এনওসি পাচ্ছে। টুর্নামেন্টের শুরু থেকেই তারা রাজশাহীর জার্সিতে মাঠে নামবে।’
পাকিস্তান-শ্রীলঙ্কা সিরিজ (৭-১১ জানুয়ারি) থাকার কারণে পাকিস্তানি ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। তবে রাজশাহীর ক্রিকেটাররা পুরো টুর্নামেন্টের জন্যই অনুমতি পেয়েছেন বলে জানিয়েছেন হান্নান। অর্থাৎ ২৬ ডিসেম্বর থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত দেখা যেতে পারে তাদের।
তবে এর মাঝেও আগের মতোই শর্ত থাকছে। জাতীয় দলের ডাক এলে ফিরে যেতে হবে। সেই সম্ভাবনার কথাও স্মরণ করিয়ে দেন হান্নান, ‘এনওসিতে সবসময়ই এই নিয়ম থাকে—ন্যাশনাল ডিউটি হলে খেলোয়াড়কে ছাড়তেই হবে। সিরিজ চলাকালে ডাক পেলে তাকে দেশে ফিরতে হবে।’
রাজশাহী ওয়ারিয়র্স এখনও আরও কয়েকজন বিদেশি ক্রিকেটার দলে নেওয়ার চেষ্টা করছে। আয়ারল্যান্ডের কয়েকজন খেলোয়াড়কে নজরে রাখা হলেও নাম প্রকাশে আপাতত অনীহা রয়েছে। তাদের সাথে চুক্তির সবটা শেষ হলেই তবে নাম প্রকাশ করা হবে বলে জানিয়েছেন রাজশাহীর কোচ।
এসব ছাপিয়ে রাজশাহীর জন্য এখন সবচেয়ে বড় স্বস্তি—মোহাম্মদ নওয়াজ, হুসেইন তালাত, শাহিবজাদা ফারহান ও জাহানদাদ খান চারজনই শুরু থেকেই বিপিএলে থাকছেন।
এমআই