Advertisement
Us Bangla Airlines
বিশ্বকাপ না খেলেও আইসিসি থেকে পুরস্কার পাচ্ছে বাংলাদেশ

বিশ্বকাপ না খেলেও আইসিসি থেকে পুরস্কার পাচ্ছে বাংলাদেশ

খেলা ডেস্ক

১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:২৯

নিজেদের অবস্থানে অনড় থেকেও বিশ্বক্রিকেটে মর্যাদা অটুট থাকল বাংলাদেশের। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নিলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কোনো শাস্তি বা জরিমানার মুখে পড়ছে না। উল্টো আইসিসি জানিয়েছে, ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপের আগেই আরও একটি বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনের স্বত্ব পাবে বাংলাদেশ।

আইসিসির প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়। ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ না খেলার সিদ্ধান্ত ঘিরে সৃষ্ট জটিলতার প্রেক্ষাপটে গতকাল আইসিসির সঙ্গে বৈঠকে বসে পিসিবি ও বিসিবি। রোববার রাতে লাহোরে অনুষ্ঠিত ওই বৈঠকে আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজার সঙ্গে উপস্থিত ছিলেন দুই বোর্ডের শীর্ষ কর্মকর্তারা। 

বৈঠকের পর আজ রাতে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ভারতের বিপক্ষে ম্যাচটি খেলতে পাকিস্তানকে অনুরোধ করেছেন তিনি। পাশাপাশি বাংলাদেশের প্রতি পাকিস্তানের সহমর্মিতার কারণে শ্রদ্ধাবোধ প্রকাশ করেন বুলবুল। এর পরপরই বাংলাদেশকে ঘিরে নিজেদের অবস্থান স্পষ্ট করে আইসিসি।

আইসিসির বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হওয়া এই বৈঠকে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের পাশাপাশি দক্ষিণ এশিয়ায় ক্রিকেটের সামগ্রিক ভবিষ্যৎ নিয়েও আলোচনা হয়েছে। বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতিকে ‘দুর্ভাগ্যজনক’ হিসেবে উল্লেখ করলেও, এতে বাংলাদেশের প্রতি আইসিসির দৃষ্টিভঙ্গির কোনো পরিবর্তন হচ্ছে না বলে জানানো হয়েছে।

নিরাপত্তা শঙ্কার কারণে ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ। বিশেষ করে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর এই উদ্বেগ আরও প্রকট হয়। তবে আইসিসি সেই প্রস্তাবে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত বিশ্বকাপেই না খেলার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

আইসিসি তাদের বিবৃতিতে জানিয়েছে, ২০ কোটির বেশি সমর্থক নিয়ে বিশ্বের অন্যতম প্রাণবন্ত ক্রিকেট বাজার হিসেবে বাংলাদেশের ভূমিকা গর্ব করার মতো। একই সঙ্গে আশ্বাস দেওয়া হয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার প্রভাব যেন বাংলাদেশের ক্রিকেটে দীর্ঘমেয়াদে না পড়ে, সে বিষয়েও নজর রাখবে আইসিসি।

এদিকে বিসিবি আলাদা করে জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে বিশ্বকাপ না খেলায় তাদের ওপর কোনো আর্থিক, খেলা-সংক্রান্ত বা প্রশাসনিক শাস্তি আরোপ করা হবে না। প্রয়োজনে বিরোধ নিষ্পত্তি কমিটির (ডিআরসি) কাছে যাওয়ার অধিকারও বিসিবির থাকবে, যা আইসিসির বিদ্যমান বিধিমালার আওতায় সম্পূর্ণভাবে বহাল থাকবে।

এমআই