১৪৭ রান করেও জায়গা হারালেন কোহলি
খেলা ডেস্ক
২১ জানুয়ারি ২০২৬, ১৮:১৭
প্রায় পাঁচ বছর পর ওয়ানডে ব্যাটিং র্যাংকিংয়ের শীর্ষে ফিরেছিলেন বিরাট কোহলি। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৯৩ রানের দাপুটে ইনিংস খেলেই ১৪ জানুয়ারি এক নম্বরের মুকুট ফের পরেন ভারতীয় তারকা। কিন্তু সেই স্বস্তির নিশ্বাস নেওয়ার আগেই দৃশ্যপট বদলে দেন ড্যারিল মিচেল।
একই সিরিজে দুর্দান্ত ব্যাটিং করে কোহলির ঘাড়ে নিঃশ্বাস ফেলছিলেন কিউই তারকা। শেষ দুই ওয়ানডেতে অপরাজিত ১৩১ ও ১৩৭ রান করেছেন এই কিউই ব্যাটার। ধারাবাহিক এই আগ্রাসী পারফরম্যান্সই এক সপ্তাহের ব্যবধানে কোহলিকে টপকে র্যাংকিংয়ের চূড়ায় তুলে দেয় মিচেলকে।
রোববার ভারতের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে নিজের ৫৪তম ইনিংসে নবম ওয়ানডে সেঞ্চুরি হাঁকান মিচেল। পুরো সিরিজে তার ব্যাট থেকে আসে ৩৪২ রান, যা তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ সংগ্রহ। সর্বকালের তালিকায় এই পারফরম্যান্স তাকে নিয়ে গেছে বাবর আজম (৩৬০) ও শুভমান গিলের (৩৬০) পরের অবস্থানে।
শেষ দুই ম্যাচে কোহলি করেন ১৪৭ (২৩ ও ১২৪) রান। মাত্র এক সপ্তাহ আগে রোহিত শর্মাকে টপকে শীর্ষে উঠেছিলেন তিনি। তখন কোহলির রেটিং পয়েন্ট ছিল ৭৮৫, মিচেলের ৭৮৪ব্যবধান ছিল সূক্ষ্ম। কিন্তু এখন ফারাক স্পষ্ট: মিচেলের পয়েন্ট ৮৪৫, কোহলির ৭৯৫।
র্যাংকিংয়ে মিচেল ও কোহলির পর আছেন ইব্রাহিম জাদরান, রোহিত শর্মা ও শুভমান গিল। বড় লাফ দিয়েছেন গ্লেন ফিলিপস, ৩৬ থেকে উঠে এসেছেন ২০ নম্বরে। তৃতীয় ওয়ানডেতে ৮৮ বলে ১০৬ রানের ঝলমলে ইনিংস খেলে মিচেলের সঙ্গে চতুর্থ উইকেটে ২১৯ রানের জুটি গড়েন তিনি, যা ৪১ রানের জয়ে নিউজিল্যান্ডের সিরিজ জয়ের ভিত গড়ে দেয়।
এমআই