Advertisement
Us Bangla Airlines
বিপিএলের ম্যাচ কেন ভুলবেন না ক্রিস ওকস?

বিপিএলের ম্যাচ কেন ভুলবেন না ক্রিস ওকস?

খেলা ডেস্ক

২০ জানুয়ারি ২০২৬, ২৩:০৬

শেষ বল, জয়ের জন্য দরকার ছয়। স্টেডিয়ামের বাতাসে টানটান উত্তেজনা, চোখ আটকে ব্যাটসম্যানের দিকে। আর ঠিক তখনই ব্যাট ঘুরল, বল উড়ল গ্যালারির দিকে। মিরপুর যেন মুহূর্তেই বিস্ফোরিত। ক্রিস ওকসের ব্যাট থেকে আসা সেই ছক্কাই এলিমিনেটর ম্যাচে রংপুরের বিপক্ষে সিলেটকে এনে দিল নাটকীয় জয়।

মঙ্গলবারের সেই দৃশ্য অনেককেই ফিরিয়ে নিয়ে গেল ২০১৮ সালের এক হৃদয়ভাঙা ম্যাচে, যেখানে শেষ বলে ছক্কায় হেরে গিয়েছিল বাংলাদেশ। তবে এবার গল্পটা উল্টো। নায়ক ইংলিশ অলরাউন্ডার ক্রিস ওকস। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে উচ্ছ্বাস লুকাতে পারেননি ওকস।

তিনি বলেন, ‘ম্যাচটা ছিল ভীষণ রোমাঞ্চকর। ক্রিকেটে শেষ বলে ছক্কা মেরে ম্যাচ জেতা এমন অভিজ্ঞতা আমার আগে কখনও হয়নি। তাই এটা এমন কিছু, যা আমি আজীবন মনে রাখব। তাছাড়া বিপিএলে এটা আমার প্রথম ম্যাচ, আর প্রথম ম্যাচেই দলকে জেতাতে পারা—এটা নিঃসন্দেহে স্পেশাল।’

শেষ বলের মুহূর্তটা কেমন ছিল? তিনি বলেন, ‘ওই সময় খুব বেশি ভাবার সুযোগ থাকে না। বলটা ভালোভাবে চোখে পড়েছিল। অফ স্টাম্পের বাইরে ছিল, আমি স্লোয়ার বা কাটারের জন্য প্রস্তুত ছিলাম। বলটা একটু দ্রুত এলো, আমি দ্রুত রিঅ্যাক্ট করলাম—আর ফলাফল ছক্কা।’

পঞ্চম বলে দুই রান নেওয়ার সুযোগ থাকলেও ইচ্ছাকৃতভাবেই ঝুঁকি নেননি তিনি। ওকস বলেন, ‘আমি চাইলে দুই রানের জন্য দৌড়াতে পারতাম, কিন্তু তাতে রানআউটের ঝুঁকি ছিল। আর তাতেও খুব বেশি কিছু বদলাত না। তখন আমাদের জয়ের জন্য ৭ রান দরকার ছিল, শেষ বলে তখনও ৬-ই লাগত। তাই জানতাম, শেষ বলে ছক্কাই মারতে হবে।’

শেষ মুহূর্তে দায়িত্ব নিজের কাঁধে নেওয়ার পেছনেও ছিল পরিষ্কার ভাবনা। ওকস আরও বলেন, ‘আমার পার্টনার খালেদ তখন নতুন ক্রিজে, মাত্র এক বল খেলেছে। আমি ইতিমধ্যে কয়েকটা বল খেলেছি। শেষ বলটা আমাদের যে কাউকে খেলতেই হতো। আমি ভেবেছি, দায়িত্বটা আমিই নিই। ভাগ্য ভালো, সুযোগটা কাজে লেগেছে।’

এমআই