বিপিএলে ৬ দলের চূড়ান্ত অধিনায়ক হলেন যারা
খেলা ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২৫, ২১:১৫
ঘণ্টা কয়েক পরেই শুরু হতে যাচ্ছে বিপিএলের দ্বাদশ আসর। নিয়মিত সমালোচনার জন্ম বিপিএলে এবারও কাটাছেঁড়া কম হয়নি। শেষদিনে মালিকানা থেকে সরে দাঁড়িয়েছে চট্টগ্রামের ট্রায়াঙ্গেল সার্ভিসেস। অসম্মানের অভিযোগ তুলে অনুশীলন বয়কট করেছে নোয়াখালীর দুই কোচ।
আলোচনায় আসা এই দুই সমস্যার সমাধানও মিলেছে। চট্টগ্রামের মালিকানা হাতে নিয়েছে স্বয়ং বিসিবি। ক্রিকেটারদের দেনা-পাওনা সবই এখন তাদের হাতে। অভিমান ভেঙে অনুশীলনে ফিরেছেন নোয়াখালীর দুই কোচ খালেদ মাহমুদ সুজন ও সহকারী কোচ তালহা জুবায়ের।
প্রতিশ্রুত পারিশ্রমিক হাতে দিয়ে দুই কোচকে খুশি করেছে নোয়াখালী এক্সপ্রেস। পাশাপাশি ক্রিকেটারদেরও ২৫ শতাংশ পাওনা পরিশোধ করেছে দলটি। একইসাথে ম্যাচের আগের দিন নিজেদের অধিনায়কের নাম ঘোষণা করেছে নোয়াখালী। পাশাপাশি আরও তিন দল আজ দলপতির নাম ঘোষণা দিয়েছে।
বিপিএলে ঢাকা ক্যাপিটালসের অধিনায়কত্ব করবেন মোহাম্মদ মিথুন। গত আসরে তার নেতৃত্বে রানার্স আপ হয়েছে চিটাগং কিংস। রাজশাহীর নেতৃত্বে থাকছেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের তিন ফরম্যাটে নেতৃত্ব সামলিয়েছেন এই ক্রিকেটার। বর্তমানে মর্যাদার টেস্ট ক্রিকেটের দলপতি তিনি।
রংপুর রাইডার্সে আগের মতোই আস্থার প্রতীক নুরুল হাসান সোহান। দলে টি-টোয়েন্টি অধিনায়ক লিটন থাকলেও সোহানের ওপর ভরসা রাখছে দলটি। সিলেটের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আইকন ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। তার হাতে ফ্র্যাঞ্চাইজিটি নেতৃত্ব তুলে দেবেন, এটা অনুমেয় ছিল।
চট্টগ্রামের রয়্যালসের অধিনায়কত্ব পেয়েছেন শেখ মেহেদী হাসান। জাতীয় দলে স্বল্প সময়ে ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করা মেহেদীই বর্তমানে টি-টোয়েন্টি দলকে প্রতিনিধিত্ব করছেন। তবে অধিনায়কত্বে চমক দেখিয়েছে নোয়াখালী। কখনো জাতীয় দলে না খেলা সৈকত আলীর হাতে তুলে দিয়েছে নেতৃত্বের ভার।
যদিও গুঞ্জন রয়েছে, সৈকত নোয়াখালীর আপৎকালীন অধিনায়ক। দলটির অধিনায়কের আর্মব্যান্ড পরতে যাচ্ছেন অভিজ্ঞ আফগান তারকা মোহাম্মদ নবী। আইএল টি-টোয়েন্টি থেকে বিপিএলে ফিরলে তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হতে পারে।
বিপিএলে ৬ দলের চূড়ান্ত অধিনায়ক
| ফ্র্যাঞ্চাইজি | অধিনায়ক |
|---|---|
| ঢাকা ক্যাপিটালস | মোহাম্মদ মিথুন |
| রাজশাহী ওয়ারিয়র্স | নাজমুল হোসেন শান্ত |
| রংপুর রাইডার্স | নুরুল হাসান সোহান |
| সিলেট টাইটান্স | মেহেদী হাসান মিরাজ |
| চট্টগ্রাম রয়্যালস | শেখ মেহেদী হাসান |
| নোয়াখালী এক্সপ্রেস | সৈকত আলী |
এমআই