ক্ষমা চাইলেন মোহাম্মদ সালাহ
খেলা ডেস্ক
২০ ডিসেম্বর ২০২৫, ১৭:৫৭
সমালোচনার আগুনে যখন লিভারপুল ড্রেসিংরুম উত্তাল, তখনই এক ধাপ পেছনে গিয়ে দায়িত্ব নিলেন মোহাম্মদ সালাহ। ক্লাব ও প্রধান কোচ আর্নে স্লটকে নিয়ে প্রকাশ্যে বিস্ফোরক মন্তব্য করার পর এবার সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছেন লিভারপুলের এই মিশরীয় তারকা।
লিডস ইউনাইটেডের বিপক্ষে ৩-৩ গোলের নাটকীয় ড্রয়ের পর টানা তিন ম্যাচ বেঞ্চে বসে থাকা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন সালাহ। দলের দুরবস্থার মাঝে প্রকাশ্যে অভিযোগ করেন তিনি। সালাহ’র অভিযোগ, দলের জন্য দীর্ঘদিন ধরে অবদান রাখলেও প্রাপ্য সম্মান তিনি পাননি, বরং তাকে বলির পাঁঠা বানানো হয়েছে।
এমনকি কোচ আর্নে স্লটের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের ইঙ্গিত দেন এবং ক্লাবের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগও তোলেন। সেই মন্তব্যের রেশ ধরে ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের স্কোয়াডে জায়গা হয়নি সালাহর। তবে সমালোচনার মাঝেও মাঠে নিজের কাজটা করে গেছেন তিনি।
আফ্রিকান নেশনস কাপ খেলতে যাওয়ার আগে ব্রাইটনের বিপক্ষে প্রিমিয়ার লিগ ম্যাচে গোল বানিয়ে জয়ে বড় ভূমিকা রাখেন এবং ম্যাচ শেষে কোচ স্লটের প্রশংসাও কুড়ান। যদিও তখন ব্যক্তিগতভাবে ক্ষমা চাওয়ার বিষয়ে কোনো মন্তব্য করেননি সালাহ।
এবার সেই বিষয়টি প্রকাশ্যে আনলেন লিভারপুল মিডফিল্ডার কুর্টিস জোন্স। স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, ড্রেসিংরুমেই সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছেন সালাহ।
কুর্টিস জোন্স বলেন, ‘মো নিজের মতো করে কথা বলে, এটাই ওর স্বভাব। তবে সে আমাদের কাছে এসে বলেছে—“আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকে বা প্রভাবিত হয়ে থাকে, তাহলে আমি ক্ষমা চাই।” ও এমনই একজন মানুষ।’
ড্রেসিংরুমে এই ঘটনার কোনো নেতিবাচক প্রভাব পড়েনি বলেও জানান তিনি। ‘মো আগের মতোই ইতিবাচক ও হাসিখুশি ছিল। দলে কোনো পরিবর্তন হয়নি। আমরা সবাই তার সঙ্গে স্বাভাবিকভাবেই আচরণ করেছি। যে জিততে চায়, সে এমনই হয়,’ যোগ করেন জোন্স।
এমআই