Advertisement
Us Bangla Airlines
আইপিএল নিলামে কোন দল কতজন ক্রিকেটার কিনতে পারবে

আইপিএল নিলামে কোন দল কতজন ক্রিকেটার কিনতে পারবে

খেলা ডেস্ক

১৫ ডিসেম্বর ২০২৫, ২২:৫৯

আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিলাম। মেগা নিলামের পর এবার হচ্ছে মিনি নিলাম। ফলে বড় পরিবর্তনের বদলে দলগুলো নজর দিচ্ছে প্রয়োজন অনুযায়ী সীমিত কিন্তু গুরুত্বপূর্ণ সংযোজনে। নিলামের আগে ইতোমধ্যে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি ধরে রাখা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে।

এবারের নিলামে ১০টি দল মিলিয়ে মোট ৭৭ জন ক্রিকেটার কেনার সুযোগ পাবে। এই ৭৭টি শূন্যস্থানের বিপরীতে নিলামে উঠছেন মোট ৩৫০ জন ক্রিকেটার। তাদের মধ্যে জাতীয় দলে খেলা ভারতীয় ক্রিকেটার রয়েছেন ১৬ জন। বিদেশি জাতীয় দলের ক্রিকেটার আছেন ৯৬ জন। এছাড়া তালিকায় রয়েছেন ২২৪ জন ভারতীয় ঘরোয়া ক্রিকেটার।

নিলামে ক্রিকেটারদের জন্য আটটি ক্যাটাগরিতে ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে। সর্বোচ্চ ক্যাটাগরিতে ভিত্তিমূল্য ২ কোটি রুপি, যেখানে রয়েছেন ৪০ জন ক্রিকেটার। দ্বিতীয় ক্যাটাগরিতে ১ কোটি ৫০ লাখ রুপির ভিত্তিমূল্যে আছেন ৯ জন। পরবর্তী ক্যাটাগরিগুলোতে ভিত্তিমূল্য যথাক্রমে ১ কোটি ২৫ লাখ, ১ কোটি, ৭৫ লাখ, ৫০ লাখ, ৪০ লাখ ও ৩০ লাখ রুপি।

নিলামের শুরুতেই নজর থাকবে প্রথম পাঁচটি সেটে। প্রথম সেটে ব্যাটারদের মধ্যে রয়েছেন ডেভন কনওয়ে, জেক ফ্রেজার-ম্যাকগার্ক, ক্যামেরন গ্রিন, সরফরাজ খান, ডেভিড মিলার ও পৃথ্বী শ। দ্বিতীয় সেটে অলরাউন্ডারদের তালিকায় আছেন গাস অ্যাটকিনসন, ওয়ানিন্দু হাসরাঙ্গা, দীপক হুডা, ভেঙ্কটেশ আয়ার, লিয়াম লিভিংস্টোন, উইয়ান মুল্ডার ও রাচিন রবীন্দ্র।

তৃতীয় সেটে উইকেটকিপারদের মধ্যে রয়েছেন ফিন অ্যালেন, জনি বেয়ারস্টো, শ্রীকর ভরত, কুইন্টন ডি’কক, বেন ডাকেট, রহমানুল্লাহ গুরবাজ ও জেমি স্মিথ। চতুর্থ সেটে পেস বোলারদের তালিকায় রয়েছেন মোস্তাফিজ, জেরাল্ড কোয়েৎজি, আকাশদীপ, জেকব ডাফি, ফজলহক ফারুকি, ম্যাট হেনরি, স্পেনসার জনসন, শিবম মাভি, অনরিখ নোখিয়ে ও মাথিশা পাথিরানা।

পঞ্চম সেটে স্পিনারদের মধ্যে রয়েছেন রবি বিশ্নোই, রাহুল চাহার, আকিল হোসেন, মুজিব উর রহমান ও মাহিশ থিকশানা।

আইপিএলের ১০ দলের হাতে মোট বাজেট রয়েছে ২৩৭ কোটি ৫৫ লাখ রুপি। সবচেয়ে বেশি অর্থ নিয়ে নিলামে নামবে কলকাতা নাইট রাইডার্স—৬৪ কোটি ৩০ লাখ রুপি। দ্বিতীয় স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস, তাদের বাজেট ৪৩ কোটি ৪০ লাখ রুপি। সানরাইজার্স হায়দরাবাদের হাতে আছে ২৫ কোটি ৫০ লাখ রুপি। 

এছাড়া লখনউ সুপার জায়ান্টসের ২২ কোটি ৯৫ লাখ, দিল্লি ক্যাপিটালসের ২১ কোটি ৮০ লাখ, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ১৬ কোটি ৪০ লাখ, রাজস্থান রয়্যালসের ১৬ কোটি ৫ লাখ, গুজরাট টাইটান্সের ১২ কোটি ৯০ লাখ এবং পাঞ্জাব কিংসের ১১ কোটি ৫০ লাখ রুপি রয়েছে। সবচেয়ে কম বাজেট নিয়ে নিলামে নামবে মুম্বাই ইন্ডিয়ান্স, তাদের হাতে আছে মাত্র ২ কোটি ৭৫ লাখ রুপি।

খেলোয়াড় কেনার সংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি সুযোগ পাচ্ছে কলকাতা নাইট রাইডার্স। কেকেআর সর্বোচ্চ ১৩ জন ক্রিকেটার কিনতে পারবে, যার মধ্যে ৬ জন বিদেশি হতে পারবেন। সানরাইজার্স হায়দরাবাদ কিনতে পারবে সর্বোচ্চ ১০ জন ক্রিকেটার, তবে বিদেশি নেওয়ার সুযোগ রয়েছে মাত্র ২ জনের।

চেন্নাই সুপার কিংস সর্বোচ্চ ৯ জন ক্রিকেটার কিনতে পারবে, সেখানে বিদেশির জায়গা বাকি ৪ জনের। রাজস্থান রয়্যালসও ৯ জন ক্রিকেটার কিনতে পারবে, তবে বিদেশি নেওয়ার সুযোগ রয়েছে মাত্র ১ জন। দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সর্বোচ্চ ৮ জন করে ক্রিকেটার কিনতে পারবে। এর মধ্যে দিল্লি ৫ জন বিদেশি এবং বেঙ্গালুরু ২ জন বিদেশি নিতে পারবে। 

লখনউ সুপার জায়ান্টস সর্বোচ্চ ৬ জন ক্রিকেটার কিনতে পারবে, যার মধ্যে ৪ জন বিদেশি। গুজরাট টাইটান্স ও মুম্বাই ইন্ডিয়ান্স কিনতে পারবে সর্বোচ্চ ৫ জন করে ক্রিকেটার। গুজরাট ৪ জন বিদেশি নিতে পারলেও মুম্বাই পারবে মাত্র ১ জন বিদেশি কিনতে। সবচেয়ে কম সুযোগ রয়েছে পাঞ্জাব কিংসের। দুইজন বিদেশিসহ তারা সর্বোচ্চ ৪ জন ক্রিকেটার কিনতে পারবে।

এমআই