আইপিএল নিলামের আগে হঠাৎ বাদ ৯ ক্রিকেটার
খেলা ডেস্ক
১৩ ডিসেম্বর ২০২৫, ১৪:০০
আইপিএল নিলামের দোরগোড়ায় এসে অপ্রত্যাশিত এক সিদ্ধান্তে শিরোনামে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। হাজারের বেশি নিবন্ধিত ক্রিকেটার থেকে বাছাই শেষে চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছিলেন ৩৫৯ জন। কিন্তু নিলামের ঠিক আগে সেই তালিকা থেকেই আচমকা বাদ পড়লেন ৯ ক্রিকেটার। যাদের নাম নিলাম সূচিতে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
গত সপ্তাহে প্রাথমিক কাটছাঁট শেষে রাখা হয়েছিল ৩৫০ জনকে। পরে নতুন করে যুক্ত হন আরও ৯ জন। অথচ শনিবার সেই অতিরিক্ত অন্তর্ভুক্ত ক্রিকেটাররাই হঠাৎ করে ছিটকে গেলেন নিলামের মঞ্চ থেকে। বাদ পড়া তালিকায় রয়েছেন ছয়জন ভারতীয় ও তিনজন বিদেশি আন্তর্জাতিক ক্রিকেটার।
ভারতীয়দের মধ্যে আছেন মানি সরকার, মুরা সিং, চামা মিলিন্দ, কে এল শ্রীজিৎ, স্বস্তিক চিকারা, রাহুল রাজ নামালা ও বিরাট সিং। আইপিএলের মিনি নিলামে অনভিষিক্ত এসব ক্রিকেটারদের ভিত্তিমূল্য ছিল ৩০ লাখ রুপি।
বিদেশিদের মধ্যে উল্লেখযোগ্য মালয়েশিয়ার বীরান্দিপ সিং। আন্তর্জাতিক ক্রিকেটে ১১০ ম্যাচ খেলা এই অলরাউন্ডার টি-টোয়েন্টিতে করেছেন তিন হাজারের বেশি রান, সঙ্গে নিয়েছেন ১০৫ উইকেট। তার ভিত্তিমূল্যও ছিল ৩০ লাখ রুপি। এ ছাড়া দক্ষিণ আফ্রিকার ইথান বশ ও অস্ট্রেলিয়ার ক্রিস গ্রিনও নিলাম থেকে বাদ পড়েছেন।
সাড়ে তিনশ ক্রিকেটারের তালিকা প্রকাশের পর এই ৯ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছিল নতুন করে। তবে কেন তাদের যুক্ত করা হলো, আবার কেনই বা নিলামের ঠিক আগে বাদ দেওয়া হলো—এই প্রশ্নের কোনো ব্যাখ্যাই দেয়নি আইপিএল কর্তৃপক্ষ।
আগামী ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইপিএলের মিনি অকশন। যেখানে থাকবেন মোস্তাফিজসহ বাংলাদেশের ৭ ক্রিকেটার।
এমআই