বিপিএলে উপস্থাপকের দায়িত্ব পাওয়া কে এই জয়নব–রিধিমা?
খেলা ডেস্ক
১০ ডিসেম্বর ২০২৫, ১৮:২৩
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরে দর্শকদের জন্য থাকছে নানান চমক। এবারের আসরে বিপিএলের আনুষ্ঠানিক উপস্থাপনায় দায়িত্ব পেয়েছেন পাকিস্তানের জয়নব আব্বাস এবং ভারতের রিধিমা পাঠক। দুই দেশের এই জনপ্রিয় নারী ক্রীড়া উপস্থাপক দক্ষিণ এশিয়ার ক্রিকেট সম্প্রচারে ইতিমধ্যেই খ্যাতি অর্জন করেছেন।
জয়নব আব্বাস পাকিস্তানের পরিচিত মুখ। ১৯৮৮ সালের ১৪ ফেব্রুয়ারি লাহোরে জন্ম নেওয়া জয়নবের পরিবারই তাকে ক্রিকেটের সঙ্গে পরিচয় করিয়েছে। তার বাবা নাসির আব্বাস ছিলেন ঘরোয়া ক্রিকেটার, আর মা আন্দালীব আব্বাস পাকিস্তানের রাজনীতির সঙ্গে যুক্ত। যুক্তরাজ্যে উচ্চশিক্ষা শেষে দেশে মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ শুরু করেছিলেন তিনি।
২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপের অডিশনই বদলে দেয় তার জীবন। এরপর পাকিস্তান সুপার লিগ, বিভিন্ন আন্তর্জাতিক সিরিজ এবং ২০১৯ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপে উপস্থাপনার সুযোগ আসে। জয়নব পাকিস্তানি নারী হিসেবে প্রথমবারের মতো বিশ্বকাপ সম্প্রচারে নিয়মিত উপস্থাপক হয়ে নতুন দৃষ্টান্ত স্থাপন করেন।

২০২৩ সালে ভারতের মাটিতে বিশ্বকাপ চলাকালীন পুরনো সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট নিয়ে বিতর্ক হলেও ব্যক্তিগত ব্যাখ্যা ও ক্ষমা প্রকাশের পর তিনি আবারও আন্তর্জাতিক মঞ্চে ফিরে এসেছেন। এবার বিপিএলে তার উপস্থিতি টুর্নামেন্টের আন্তর্জাতিক মর্যাদা এবং দর্শক আকর্ষণ আরও বাড়াবে।
বিপিএলের আরেক উপস্থাপিকা রিধিমা পাঠক ভারতের উজ্জ্বল ক্রীড়া মুখ। ১৯৯০ সালে ঝাড়খণ্ডের রাঁচিতে জন্ম, পড়াশোনা যন্ত্রপ্রয়োগ ও নিয়ন্ত্রণ প্রকৌশল-এ। প্রথম চাকরি ইটন করপোরেশনে মার্কেটিং বিশ্লেষক হিসেবে। এরপর কর্পোরেট চাকরি ছেড়ে রেডিও মিরচিওতে উপস্থাপক হিসেবে কাজ শুরু করেন।
মিডিয়া জগতে পা রেখেই উন্নতির সোপানে অগ্রসর হতে শুরু করেন রিধিমা। তিনি স্টার স্পোর্টস, সনি স্পোর্টস, টেন স্পোর্টস এবং জি স্টুডিওতে উপস্থাপনার মাধ্যমে নিজের দক্ষতা প্রমাণ করেছেন। রিধিমা কেবল ক্রিকেট নয়, বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠান, টকশো এবং ডিজিটাল বিষয়বস্তুতেও সমান দক্ষ।

২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপের ডিজিটাল সম্প্রচারে অংশ নেওয়ার পর আন্তর্জাতিক দর্শকদের কাছে তিনি পরিচিত হয়ে ওঠেন। স্বচ্ছ উচ্চারণ, বিশ্লেষণধর্মী ভাষা এবং দৃঢ় আত্মবিশ্বাস তাকে ভারতের জনপ্রিয় ক্রীড়া মুখ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এবারের বিপিএল-এ তার অংশগ্রহণ নতুন মাত্রা যোগ করবে।
জয়নব ও রিধিমা দুজনই ক্রীড়াঙ্গনে বেশ অভিজ্ঞ, আন্তর্জাতিক মঞ্চে পরীক্ষিত এবং দর্শক-প্রিয়। দুই দেশের দুই নারী তারকার একসঙ্গে বিপিএলে আগমন শুধু সম্প্রচারের মান বাড়াবে না, বরং টুর্নামেন্টের আন্তর্জাতিক পরিচিতি ও আকর্ষণও বাড়াবে। মাঠে ব্যাট-বলের লড়াই যেমন উত্তেজনা ছড়াবে, তেমনি পর্দার সামনে দর্শকদের মনও কাড়বেন এই দুই জনপ্রিয় মুখ।
এমআই