Advertisement
Us Bangla Airlines
ফুটবল বিশ্বকাপে নতুন নিয়মের ঘোষণা দিল ফিফা

ফুটবল বিশ্বকাপে নতুন নিয়মের ঘোষণা দিল ফিফা

খেলা ডেস্ক

০৯ ডিসেম্বর ২০২৫, ১৪:৪৩

আগামী ১১ জুন পর্দা উঠছে ২০২৬ বিশ্বকাপের। এর আগে বিশ্বজুড়েই চলছে উৎসবের দামামা। বিশ্বকাপের নতুন আসরকে ঘিরে নতুন নিয়মের ঘোষণা দিয়েছে নিয়ন্ত্রক প্রতিষ্ঠান ফিফা। প্রতিটি ম্যাচের দুই অর্ধেই থাকছে বাধ্যতামূলক তিন মিনিটের হাইড্রেশন ব্রেক বা পানি পানের বিরতি। খেলোয়াড়দের শারীরিক সুরক্ষা ও আরাম বিবেচনায় এমন সিদ্ধান্ত নিয়েছে ফিফা।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো তিন দেশে অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপে গরমই হতে পারে বড় চ্যালেঞ্জ। তাই ম্যাচ চলাকালে আবহাওয়া যেমনই হোক, প্রতিটি অর্ধের ২২ মিনিট পার হলেই খেলা থামবে তিন মিনিটের জন্য। কার্যত ম্যাচগুলো ভাগ হয়ে যাবে চার কোয়ার্টারে। কোচ, সম্প্রচারক ও সংশ্লিষ্ট কমিটিদের সঙ্গে আলোচনার পরই নতুন নিয়ম পাকা করেছে ফিফা।

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের প্রধান টুর্নামেন্ট কর্মকর্তা মানলো জুবিরিয়া স্পষ্ট করে বলেছেন, ‘ম্যাচ যেখানে হোক, তাপমাত্রা যেমন থাকুক, ছাদ থাকুক বা না থাকুক—প্রত্যেক ম্যাচেই তিন মিনিটের বিরতি থাকছে।’

এর আগে ২০২৫ সালের ফিফা ক্লাব বিশ্বকাপেও গরমে ভুগতে ভুগতেই পানি পানের বিরতি দেখা গিয়েছিল। কিছু ম্যাচে তাপমাত্রা ছুঁয়েছিল ১০০ ডিগ্রি ফারেনহাইট (প্রায় ৩৮°C)। তীব্র গরমে বদলি খেলোয়াড়দের লকার রুমে বসে খেলা দেখা থেকে শুরু করে খেলোয়াড়দের মাথা ঘোরা, সবই ছিল আলোচনায়।

ক্লাব বিশ্বকাপে এমন অভিজ্ঞতার পর অনেকে এ সিদ্ধান্তকে সময়োপযোগী বলেই দেখছেন। বেনফিকার ফরোয়ার্ড আন্দ্রিয়াস শেলডেরাপ বলেছিলেন, ‘এত গরমে খেলাটা সত্যিই স্বাভাবিক মনে হয়নি, তবুও কোনোমতে খেলেছি।’

চেলসির মিডফিল্ডার এনজো ফের্নান্দেজের অভিজ্ঞতা আরও ভয়াবহ। তিনি বলেন, ‘এক ম্যাচে মাথা ঘুরছিল, মাটিতে শুয়ে পড়তে হয়েছিল। এ ধরনের তাপমাত্রা বিপজ্জনক, খুবই বিপজ্জনক।’

এমআই