আইপিএলে মোস্তাফিজকে কিনতে পারে যেসব দল
খেলা ডেস্ক
০৯ ডিসেম্বর ২০২৫, ২১:২১
আইপিএলের মিনি নিলাম মানেই ক্লাবগুলোর টার্গেট খুব নির্দিষ্ট। যেখানে দলে খালি জায়গা কম, বাজেটও হিসেব করে খরচ করতে হয়। তবুও সর্বোচ্চ ২ কোটি রুপি ভিত্তিমূল্যের ক্রিকেটারদের প্রতি আগ্রহ থাকে সবসময়ই বেশি। সেখানেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান।
আইপিএলে নিয়মিত পারফর্মার হিসেবে মোস্তাফিজের আলাদা কদর আছে। তবে উচ্চ ভিত্তিমূল্যের কারণে সব দল তাকে বিবেচনা করতে পারবে না। যেসব দলের হাতে পর্যাপ্ত অর্থ রয়েছে, তারাই মূলত দৌড়ে থাকবে। এর মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে থাকবে বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স।
আইপিএলের মিনি নিলামে সবচেয়ে বড় বাজেট নিয়ে নিলামে নামছে কলকাতা। তাদের হাতে টনটনানো ৬৪.৩০ কোটি রুপি। পারফরম্যান্স ও দলীয় চাহিদা মিলিয়ে তারা চাইলেই ঝুঁকি নিয়ে ফেলতে পারে মোস্তাফিজের দিকে। এক্ষেত্রে মোস্তাফিজের ভক্ত-সমর্থকদের বিশেষ বিবেচনায় নিতে পারে শাহরুখ খানের দল।
মোস্তাফিজকে দলে ভেড়াতে পারে তার সাবেক দুই ফ্র্যাঞ্চাইজি—চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ। চেন্নাইয়ের হাতে রয়েছে ৪৩.৪০ কোটি রুপি, আর হায়দরাবাদের কাছে আছে ২৫.৫০ কোটি রুপি। তাদের পুরোনো অভিজ্ঞতা ও কৌশল বিবেচনায় 'ফিজ' তাদের পছন্দের তালিকায় থাকতেই পারে।
লক্ষ্ণৌ সুপার জায়ান্টসও পিছিয়ে নেই, তাদের হাতে রয়েছে প্রায় ২৩ কোটি রুপি। অন্য দলগুলোর বাজেট তুলনামূলক কম। দিল্লি ক্যাপিটালসের হাতে ২১.৮০ কোটি, গুজরাট টাইটান্সের ১২.৯০ কোটি, মুম্বাই ইন্ডিয়ান্সের মাত্র ২.৭৫ কোটি, পাঞ্জাব কিংসের ১১.৫০ কোটি, আরসিবির ১৬.৪০ কোটি এবং রাজস্থান রয়্যালসের কাছে আছে ১৬.০৫ কোটি।
বাজেটের সীমাবদ্ধতার কারণে এ দলগুলোর মধ্যে কয়েকটি ফিজকে নেওয়ার আগ্রহ থাকলেও বাস্তব সম্ভাবনা খুব বেশি নয়।
আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আইপিএলের মিনি নিলাম। যেখানে চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন ৭ বাংলাদেশি ক্রিকেটার। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় মোস্তাফিজুর রহমান। ইতোমধ্যে আইপিএলে ৬০ ম্যাচ খেলা মোস্তাফিজের ভাগ্য শেষ পর্যন্ত কোথায় থামে, সেটাই দেখার বিষয়।
এমআই