১৩ বলে ওভার করে আর্শদীপের নতুন রেকর্ড!
খেলা ডেস্ক
১১ ডিসেম্বর ২০২৫, ২২:১২
কুইন্টন ডি কক তখন ব্যাট হাতে আগুন ঝরাচ্ছেন, ঠিক ২০০ স্ট্রাইকরেটে ৬২ রান। আর ওভার শুরু হতেই আর্শদীপ সিংয়ের মাথার ওপর দিয়ে ছক্কা! সেখান থেকেই তাল কেটে গেল ভারতের এই বামহাতি পেসারের। যা ঘটল পরে, সেটি টি-টোয়েন্টি ক্রিকেটে এক অদ্ভুত রেকর্ড হিসেবেই যোগ হলো। ১৩ বলের ওভার!
ছক্কার পর যেন নিয়ন্ত্রণই হারিয়ে ফেলেন আর্শদীপ। পরের ৭ বলে তিনি করেন ৬টি ওয়াইড। তৃতীয় বৈধ ডেলিভারিতে ১ রান, চতুর্থটিতে ২, পঞ্চমটিতেও ১। এরপর আবার ওয়াইড। মোট ১৩ বার হাত ঘুরিয়ে অবশেষে শেষ করেন ওভারটি। এক বাউন্ডারি থাকা সত্ত্বেও ওভারটিতে দক্ষিণ আফ্রিকার স্কোরকার্ডে জমা পড়ে ১৮ রান।
এমন ওভার দেখে মনে প্রশ্ন জাগতেই পারে, এটাই কি টি-টোয়েন্টি ইতিহাসের সবচেয়ে দীর্ঘ ওভার? ক্রিকইনফো উদ্ধৃত পরিসংখ্যান অনুযায়ী, পূর্ণ সদস্য দেশের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি যৌথভাবে সর্বোচ্চ। আর্শদীপ ছাড়াও একই সংখ্যক বল করেছিলেন আফগান পেসার নাভিন উল হক, জিম্বাবুয়ের বিপক্ষে গত বছর।
জিম্বাবুয়ের বিপক্ষে নাভিন উল হক যেদিন ১৩ বলে ওভার করেছিলেন, সেটা ছিল ডিসেম্বরের ১১ তারিখ। এক বছর পর একই দিনে ১৩ বলে ওভার করে আফগান পেসারের সঙ্গী হলেন ভারতের আর্শদীপ। এর আগে ২০২১ সালে দক্ষিণ আফ্রিকার সিসান্দা মাগালা পাকিস্তানের বিপক্ষে করেছিলেন ১২ বলের ওভার।
দ্য হিন্দুর তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের কোনো বোলারই আগে এক ওভারে এত বল করেননি। আর্শদীপ এখন একা শীর্ষে; তাঁর পরেই রয়েছে হার্দিক পান্ডিয়া ও খলিল আহমেদ, যারা সর্বোচ্চ ১১ বলের ওভার করেছিলেন। হার্দিক ২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে, খলিল গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে।
এমআই