২৪ লাখ টাকার মাটি চুরির ঘটনায় তদন্ত কমিটি করবে বিসিবি
খেলা ডেস্ক
০৯ ডিসেম্বর ২০২৫, ২২:৩১
পূর্বাচলে নির্মাণাধীন স্টেডিয়ামে ২৪ লাখ টাকার মাটি চুরির অভিযোগ ঘিরে তোলপাড় সৃষ্টি হয়েছে। পরিস্থিতি যাচাই করতে আজ ঘটনাস্থল পরিদর্শনে যান বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ও জাতীয় দলের সাবেক উইকেটরক্ষক খালেদ মাসুদ পাইলট। পরিদর্শন শেষে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ঘটনায় তদন্ত কমিটি গঠনই এখন সবচেয়ে জরুরি।
দরপত্র অনুযায়ী ঠিকাদারি প্রতিষ্ঠান উইন্ডস্টার রিসোর্সের কাছ থেকে ২০ হাজার বর্গফুট মাটি পাওয়ার কথা ছিল বিসিবির। কিন্তু পরিমাপ করে দেখা গেছে, মাটি পাওয়া গেছে মাত্র সাড়ে ৭ হাজার বর্গফুট। অর্থের হিসেবে যেখানে পাওয়া উচিত ছিল ৩৬ লাখ টাকার মাটি, সেখানে এসেছে ১৪ লাখ টাকারও কম।
বিশাল অমিলের নেপথ্যে কারা জড়িত, তা খতিয়ে দেখতে চান পাইলট। সাংবাদিকদের তিনি বলেন, ‘প্রায় ২০ হাজার বর্গফুট মাটি আসার কথা ছিল, কিন্তু মেপে দেখা গেছে মাত্র সাড়ে ৭ হাজার বর্গফুট মাটি আছে। ঘটনাটা আমাদের আসার আগেই ঘটেছে। খুব দ্রুত তদন্ত করতে চাই।’
তিনি আরও জানান, তদন্ত কমিটিতে বিসিবির এক-দুজন পরিচালকসহ গোপনীয় তদন্তে অভিজ্ঞ গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদেরও রাখা হবে। ‘তিন সদস্যের একটি কমিটি করব, এটাই পরিকল্পনা। প্রেসিডেন্ট মহোদয়কে জানাব, যেন তাঁর অনুমোদনে বিষয়টির তদন্ত শুরু হয়,’ বলেন পাইলট।
সত্য উদঘাটন ও দোষীদের বিচার চেয়ে তিনি বলেন, ‘মাটিকে কেন্দ্র করে যে জটিলতা তৈরি হয়েছে, তার সঠিক সমাধান প্রয়োজন। তদন্ত শেষে জানতে পারব কারা জড়িত, কে স্বাক্ষর করেছে, কেন করেছে সবই পরিষ্কার হবে।’
এমআই