Advertisement
Us Bangla Airlines
বাংলাদেশকে হারিয়ে সমতায় ফিরল শ্রীলঙ্কা

বাংলাদেশকে হারিয়ে সমতায় ফিরল শ্রীলঙ্কা

খেলা ডেস্ক

০৯ ডিসেম্বর ২০২৫, ২১:০৬

অনূর্ধ্ব-১৭ সিরিজে চলছে দারুণ টানটান লড়াই। প্রথম জয় বাংলাদেশ তো পরের ম্যাচে জবাব শ্রীলঙ্কার। সম্প্রতি অনুষ্ঠিত হওয়া তিন দিনের দুই ম্যাচে এই চিত্র দেখা গিয়েছিল। সেই ধারাবাহিকতায় চট্টগ্রামে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে ৬ উইকেটে জিতে সিরিজ ১–১ সমতায় ফিরেছে লঙ্কানরা।

রোববার একই মাঠে প্রথম ওয়ানডেতে ব্যাটিং ব্যর্থতায় ২০০ রান ছাড়াতে না পারা শ্রীলঙ্কাকে ৭৮ রানে হারিয়েছিল বাংলাদেশ। কিন্তু আজ দৃশ্যপট একেবারেই উল্টো। ব্যাটারদের ব্যর্থতায় চাপে পড়ে বাংলাদেশ, আর সেই সুযোগ কাজে লাগিয়ে দাপুটে জয় তুলে নেয় লঙ্কানরা।

১৯৫ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা ছিল আগ্রাসী। প্রথম ৩ ওভারে কোনো উইকেট হারানো ছাড়াই শ্রীলঙ্কা তোলে ৩১ রান। চতুর্থ ওভারের প্রথম বলে অধিনায়ক রেহান পেইরিসকে ফেরান জারিফ সিয়াম। ১১ বলে ১৮ রানের ইনিংসে ছিল দুটি চার ও একটি ছক্কা।

এরপর আরোশা সিথুমিনা ও হিরুন মাথিসার ৮০ রানের জুটি দলকে এগিয়ে নিয়ে যায়। ৫০ রানে সিথুমিনাকে বোল্ড করে জুটি ভাঙেন রাকিবুল হোসেন। তৃতীয় উইকেটে মাথিসা–জ্যাসন ফার্নান্দো যোগ করেন আরেক ৪৫ রান। সিয়াম ফেরান ফার্নান্দোকে (২৪), আর পরের ওভারে রাকিবুল শূন্য রানে বিদায় করেন পুলজিত ওয়াথসুকাকে।

দ্রুত দুটি উইকেট পড়ে ১৫৯/৪ হলেও ম্যাচ থেকে ছিটকে যায়নি শ্রীলঙ্কা। মাথিসা ও সানুল বীরারত্নের অপরাজিত ৩৬ রানের জুটি ম্যাচ শেষ করে দেয় ২৫ বল হাতে রেখে। ম্যাচসেরা মাথিসা খেলেন দুর্দান্ত *৮০ (১৩৬ বলে, ৬ চার)**। সিয়াম ও রাকিবুল নেন দুটি করে উইকেট।

এর আগে টস জিতে ব্যাটিং নেওয়া বাংলাদেশ ৪৬.৫ ওভারে সব উইকেট হারিয়ে করে ১৯৪ রান। ওপেনার জারিফ সিয়াম করেন সর্বোচ্চ ৫২। শ্রীলঙ্কার হিমারু দিশান ও মিনুগা নেথসারা নেন ৩টি করে উইকেট। চট্টগ্রামে সিরিজের নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে আগামী ১২ ডিসেম্বর।

এমআই