চমক রেখেই বিশ্বকাপের দল ঘোষণা করল ভারত
খেলা ডেস্ক
২০ ডিসেম্বর ২০২৫, ১৬:০৮
জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। তবে ঘোষণার সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে উঠেছে শুভমান গিলের নাম। তিন ফরম্যাটের ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে যাঁকে ঘিরে প্রত্যাশা ছিল তুঙ্গে, তাকেই বাইরে রেখেই ১৫ সদস্যের দল সাজিয়েছে বিসিসিআই।
স্কোয়াডে ফিরেছেন রিংকু সিং ও ইশান কিষাণ। টি-টোয়েন্টিতে ধারাবাহিকতা আর ফিনিশিং সামর্থ্যের পুরস্কার পেয়েছেন দুজনই। তবে সাম্প্রতিক ফর্ম আর টিম কম্বিনেশনের সমীকরণে পিছিয়ে পড়েছেন গিলের পাশাপাশি উইকেটরক্ষক ব্যাটার জিতেশ শর্মাও। ইনজুরির কারণে প্রোটিয়াদের বিপক্ষে শেষ দুই ম্যাচে খেলতে পারেননি গিল।
টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারতের নেতৃত্বে থাকছেন সূর্যকুমার যাদব। সহ-অধিনায়ক হিসেবে তাঁর ডেপুটি অলরাউন্ডার অক্ষর প্যাটেল। ঘোষিত এই বিশ্বকাপ স্কোয়াডই নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে, যা শুরু হবে ২১ জানুয়ারি। তার আগে ১১ জানুয়ারি গড়াবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় একযোগে পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। উদ্বোধনী দিনে রয়েছে তিনটি ম্যাচ। ‘এ’ গ্রুপে ভারতের সঙ্গে আছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান, নেদারল্যান্ডস, নামিবিয়া ও যুক্তরাষ্ট্র। বহুল প্রতীক্ষিত ভারত–পাকিস্তান মহারণ অনুষ্ঠিত হবে ১৫ ফেব্রুয়ারি, কলম্বোয়।
বিশ্বকাপ স্কোয়াডে গিল না থাকায় ওপেনিং পজিশনে সঞ্জু স্যামসনের জায়গা আরও পাকাপোক্ত হলো। তবে ব্যাকআপ ওপেনার হিসেবে নেই যশস্বী জয়সওয়াল। প্রোটিয়া সিরিজে জায়গা না পেলেও ঘরোয়া লিগে ভালো করায় দলে ডাক পেয়েছেন উইকেটরক্ষক ইশান কিষাণ। মারকাটারি রিংকু সিং আছেন বিশ্বকাপের দলে।
উল্লেখযোগ্য বিষয়, সর্বশেষ ২০২৫ টি-টোয়েন্টি এশিয়া কাপে গিল ছিলেন ভারতের সহ-অধিনায়ক। তখন ধারণা করা হচ্ছিল, তিন ফরম্যাটেই নেতৃত্বের পথে এগোচ্ছেন তিনি। তবে সাম্প্রতিক ফর্মের ওঠানামায় সেই সমীকরণে আপাতত ভাটা পড়ল।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের স্কোয়াড
সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিভাম দুবে, অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), রিংকু সিং, জাসপ্রিত বুমরাহ, হার্শিত রানা, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর ও ইশান কিষাণ (উইকেটরক্ষক)।
এমআই