চেন্নাই থেকে বাদ পড়ে ভাগ্য খুললো পাথিরানার
খেলা ডেস্ক
১৬ ডিসেম্বর ২০২৫, ১৭:৪৩
চেন্নাই সুপার কিংসের জার্সি খুলে গেলেও ভাগ্যের চাকা থামেনি মাথিশা পাথিরানার। বরং আইপিএল মিনি-নিলামে আরও জোরে ঘুরেছে সেই চাকা। অভিষিক্ত পেসারদের প্রথম সেটেই তুমুল আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন এই লঙ্কান গতিতারকা। শেষ পর্যন্ত ১৮ কোটি রুপির মোটা অঙ্কে পাথিরানাকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স।
পাথিরানাকে পেতে নিলামের টেবিলে শুরু হয় হাড্ডাহাড্ডি লড়াই। লক্ষ্ণৌ সুপার জায়ান্টস, দিল্লি ক্যাপিটালস ও কলকাতা—তিন ফ্র্যাঞ্চাইজির টানাটানিতে দ্রুত চড়তে থাকে দাম। শেষ হাসি হেসেছে কলকাতা, হাতুড়ির শব্দ থামতেই ১৮ কোটিতে নিশ্চিত হয় পাথিরানার নতুন ঠিকানা।
এর আগে নিলামের শুরুতেই ওঠে জ্যাক ফ্রেঞ্জার ম্যাকগার্কের নাম। তবে তাকে দলে নিতে কোনো ফ্র্যাঞ্চাইজিই আগ্রহ দেখায়নি। নিলামে প্রথম ক্রিকেটার হিসেবে দল পান ডেভিড মিলার, ২ কোটিতে তাকে দলে নেয় দিল্লি ক্যাপিটালস।
নিলামের সবচেয়ে বড় আলোচনার নাম অবশ্য ক্যামেরুন গ্রিন। অস্ট্রেলিয়ান অলরাউন্ডারকে পেতে শুরুতে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস আগ্রহ দেখায়, পরে লড়াইয়ে যোগ দেয় চেন্নাই সুপার কিংস। শেষ পর্যন্ত ২৫ কোটি ২০ লাখ রুপিতে গ্রিনকেও দলে ভেড়ায় কলকাতা। বিদেশি ক্রিকেটারের জন্য এটাই সর্বোচ্চ দাম।
অভিষিক্ত অলরাউন্ডারদের সেটে গাস আটকিনসন, রাচিন রবীন্দ্র, লিয়াম লিভিংস্টোন ও উইয়ান মোল্ডার অবিক্রিত থাকেন। ২ কোটিতে ভানিন্দু হাসারাঙ্গাকে দলে নেয় লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। ভেঙ্কেটেশ আইয়ার ৭ কোটিতে পাড়ি জমান বেঙ্গালুরুতে।
অভিষিক্ত উইকেটকিপারদের সেটেও ছিল নানা চমক। ১ কোটিতে কুইন্টন ডি কককে দলে নেয় মুম্বাই ইন্ডিয়ানস। ২ কোটিতে বেন ডাকেটকে নেয় দিল্লি ক্যাপিটালস, আর একই দামে ফিন অ্যালেনকে দলে ভেড়ায় কলকাতা। তবে দল পাননি রহমানুল্লাহ গুরবাজ, জনি বেয়ারস্ট্রো ও জেমি স্মিথ।
এমআই