আইপিএল-পিএসএলসহ ২৬ দলে খেলা ব্যাটারকে দলে নিল ঢাকা
খেলা ডেস্ক
১২ ডিসেম্বর ২০২৫, ২১:২৩
বিপিএলের আসন্ন মৌসুমে স্কোয়াড আরও শক্তিশালী করতে ঢাকা ক্যাপিটালস বড় পদক্ষেপ নিয়েছে। আইপিএল, পিএসএলসহ বিশ্বজুড়ে ২৬টি দলে খেলার অভিজ্ঞতা থাকা আফগান উইকেটরক্ষক ব্যাটার রহমানউল্লাহ গুরবাজকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন দলের প্রধান নির্বাহী আতিক ফাহাদ।
গুরবাজের ক্যারিয়ারে এমন অনেক দল রয়েছে, যেখানে তিনি অভিজ্ঞতা অর্জন করেছেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য: কলকাতা নাইট রাইডার্স, গুজরাট টাইটান্স, ইসলামাবাদ ইউনাইটেড, গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্স, জাফনা কিংস, ডেজার্ট ভাইপার্স, আবুধাবি নাইট রাইডার্স, কাবুল ঈগলস, ক্যান্ডি টাস্কার্স, মুলতান সুলতানস, খুলনা টাইগার্স।
মূলত ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলসকে শুরুর দিকে পাওয়া যাবে কি না, তা অনিশ্চয়তার কারণে বিকল্প হিসেবে গুরবাজকে রাখা হয়েছে। হেলস বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে আইএল টি-টোয়েন্টিতে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে খেলছেন। ফাইনাল ৪ জানুয়ারি, তাই বিপিএলের ২৬ ডিসেম্বর শুরুতে তাকে পাওয়া যাবে না।
গুরবাজও আইএল টি-টোয়েন্টিতে গালফ জায়ান্টস হয়ে খেলছেন, তাই তার শুরুর উপস্থিতিও নিশ্চিত নয়। তার চুক্তি নিয়ে ঢাকার প্রধান নির্বাহী আতিক ফাহাদ বলেন, ‘দুজন খেলোয়াড়ই আইএল টি-টোয়েন্টিতে আছেন। ফাইনাল ৪ জানুয়ারি। তাই কিছু ম্যাচে অ্যালেক্স আগে আসতে পারবে কি না সেই দ্বিধা আছে। আমরা বিকল্প হিসেবে বড় একজন ওপেনার রেখেছি।’
আতিক ফাহাদ আরও বলেন, ‘সাইফ আছে, উসমান আছে। উসমান পুরো মৌসুম খেলবে। অ্যালেক্স যদি শুরুর দিকে না আসে, একই ধরনের অন্য একজন বড় ওপেনার থাকবে। আমরা গুরবাজের সঙ্গে যোগাযোগ করেছি। দুজনের মধ্যে একজনকে গ্রুপ পর্বের পরপরই পাওয়া আমাদের জন্য প্লাস পয়েন্ট হবে।’
এমআই