বিপিএল খেলতে আসছেন মঈন আলী, হেটমায়ার!
খেলা ডেস্ক
১০ ডিসেম্বর ২০২৫, ২০:২৩
বিপিএল নিলাম শেষ হয়েছে ৩০ নভেম্বর, কিন্তু নতুন ফ্র্যাঞ্চাইজি সিলেট টাইটান্স যেন নিলামের বহু আগেই নিজেদের পরিকল্পনা গুছিয়ে রেখেছিল। দেশি-বিদেশি মিলিয়ে তারা সাজিয়েছে তারকাবহুল এক স্কোয়াড। সেই তালিকায় এবার যোগ হচ্ছে আরও বড় দুটি নাম- মঈন আলী ও শিমরন হেটমায়ার।
দেশি ক্রিকেটারদের মধ্যে সিলেট আগেই নিজেদের করে নিয়েছে মেহেদী মিরাজ ও নাসুম আহমেদকে। নিলামে তারা দলে তুলেছে আফিফ হোসেন, রনি তালুকদার, ইবাদত হোসেন ও মুমিনুল হককে। বিদেশিদের কোটায় আগে থেকেই চুক্তিবদ্ধ মোহাম্মদ আমির ও সাইম আইয়ুব। নিলামে যোগ হয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস ও অ্যারন জোন্স।
এবার বড় খবর, ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে মঈন আলীর আলোচনা চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে ৪ জানুয়ারির পর সিলেট টাইটান্সের হয়ে মাঠে দেখা যেতে পারে এই ইংলিশ অলরাউন্ডারকে। আর দলটি যদি সেমিফাইনালে পৌঁছায়, তাহলে তাদের হয়ে নামতে পারেন ওয়েস্ট ইন্ডিজ তারকা শিমরন হেটমায়ারও।
সিলেটের কোচিং সেটআপও সাজানো হয়েছে দেশি অভিজ্ঞতায়। প্রধান কোচ হিসেবে থাকছেন সোহেল ইসলাম, আর ব্যাটিং কোচের দায়িত্বে থাকবেন জাতীয় দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস। সিনিয়র সহকারী কোচ হিসেবে যোগ দিচ্ছেন মাহমুদ ইমন, যিনি নারী দল ও বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের অভিজ্ঞতা নিয়ে এসেছেন।
পেস বোলারদের দেখভালের দায়িত্বে থাকবেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার সৈয়দ রাসেল। ঢাকা প্লাটুন ও স্ট্রাইকার্সে কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে তার। স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের স্কোয়াডের সদস্য এনামুল হক জুনিয়র।
এমআই