Advertisement
Us Bangla Airlines
৪৫১২ রান ও ২৬৯ উইকেটের মালিককে দলে নিল রাজশাহী

৪৫১২ রান ও ২৬৯ উইকেটের মালিককে দলে নিল রাজশাহী

খেলা ডেস্ক

১২ ডিসেম্বর ২০২৫, ২২:০৫

আন্তর্জাতিক অভিজ্ঞতার সংযোজন দিয়ে নিজেদের স্কোয়াড আরও শক্তিশালী করল রাজশাহী রয়্যালস। নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশামকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। নিশাম আইপিএল, বিপিএল, পিএসএল, সিপিএল, বিগব্যাশ এবং দ্য হান্ড্রেডসহ বিশ্বের প্রায় সব জনপ্রিয় ফ্র‍্যাঞ্চাইজি লিগে খেলেছেন। বিপিএলেও তার খেলার অভিজ্ঞতা আছে।

২০২৩-২৪ আসরে নিশাম রংপুর রাইডার্সের হয়ে কোয়ালিফায়ার খেলে আলোচনায় ছিলেন। গত আসরেও তিনি ফরচুন বরিশালের হয়ে বিপিএলে যোগ দিয়েছিলেন। যদিও ফাইনাল ম্যাচের জন্য নিউজিল্যান্ড থেকে আনা হলেও কম্বিনেশনের কারণে মাঠে নামানো হয়নি। তবে ডাগ আউটে বসে শিরোপা জিতেই মাঠ ছেড়েছিলেন তিনি।

নিশাম সাদা পোশাকে খেলার খুব একটা সুযোগ না পেলেও সাদা বলের ক্রিকেটে নিউজিল্যান্ডের অন্যতম ভরসার নাম। টি-টোয়েন্টি ফরম্যাটে ইতোমধ্যে ৪৫১২ রান করেছেন তিনি। বল হাতেও বেশ সফল এই কিউই তারকা। কুড়ি ওভারের ক্রিকেটে নিজের পকেটে পুরেছেন ২৬৯টি উইকেট।

টি-টোয়েন্টি ফরম্যাটে দেশীয়ভাবে ৯৩ ম্যাচে ১০১০ রান করেছেন ১৪৯ স্ট্রাইক রেটে এবং বল হাতে নিয়েছেন ৫৬ উইকেট। বর্তমানে আইএল টি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলছেন তিনি। এর আগে নেপাল প্রিমিয়ার লিগে পোখারা অ্যাভেঞ্জার্সের হয়ে ৪ ম্যাচে ৯৯ রান ও ৫ উইকেট নিয়েছেন।

নিশামের সংযোজন রাজশাহীর স্কোয়াডকে আরও শক্তিশালী করেছে। বিশেষ করে নিশামের অভিজ্ঞতা ও অলরাউন্ড দক্ষতা রাজশাহীর জন্য বড় শক্তি হিসেবে কাজ করবে। আইএল টি-টোয়েন্টি শেষ করে নিশাম কবে বিপিএলে যোগ দেন, এটাই এখন দেখার পালা।

এমআই