Advertisement
Us Bangla Airlines
যুব বিশ্বকাপের দায়িত্বে থাকছেন বাংলাদেশি আম্পায়ার

যুব বিশ্বকাপের দায়িত্বে থাকছেন বাংলাদেশি আম্পায়ার

খেলা ডেস্ক

১২ ডিসেম্বর ২০২৫, ১৯:৫১

আগামী বছরের শুরুতেই পর্দা উঠছে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের। ২০২৬ সালের ১৫ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে আগামী প্রজন্মের এই বৈশ্বিক টুর্নামেন্ট। গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। অন্য দুই প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র।

এবারের বিশ্বকাপে মাঠে দায়িত্ব পালন করবেন দুই বাংলাদেশি কর্মকর্তা। অভিজ্ঞ আম্পায়ার মাসুদুর রহমান মুকুল পাচ্ছেন মাঠে থাকার সুযোগ, যা তার ধারাবাহিক পারফরম্যান্সেরই প্রাপ্য স্বীকৃতি। ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন নিয়ামুর রশিদ রাহুল।

এর আগেও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ, মেয়েদের বিশ্বকাপ দায়িত্ব পালন করেছেন আম্পায়ার মাসুদুর রহমান মুকুল। এছাড়া ছেলেদের সবশেষ এশিয়া কাপেও ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচে দায়িত্ব পালন করেছেন তিনি। সবমিলিয়ে ৪৭ ওয়ানডে ও ৮৪টি টি-টোয়েন্টি ম্যাচে দায়িত্ব পালন করেছেন তিনি।

১৬ দলের এই বিশ্বকাপে মোট ৪১টি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ দিনে। চারটি গ্রুপে বিভক্ত দলগুলো প্রথম দিনে জিম্বাবুয়ে-স্কটল্যান্ড এবং অভিষিক্ত তাঞ্জানিয়া-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দিয়ে শুরু করবে আসর। ২০২০ সালের বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার আসরে অংশ নেওয়া জাপানও ফিরছে এবারের টুর্নামেন্টে।

বাংলাদেশের তিনটি গ্রুপ ম্যাচই অনুষ্ঠিত হবে বুলাওয়েতে। ১৭ জানুয়ারি ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে লাল–সবুজের যুবারা। এরপর ২০ জানুয়ারি প্রতিপক্ষ নিউজিল্যান্ড। গ্রুপের শেষ ম্যাচে ২৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে দল।

এমআই